সিনেমা হলের ভিতরেই চরম তাণ্ডব! প্রতিবাদ করায় দক্ষিণ কলকাতার নামী মাল্টিপ্লেক্সে দম্পতিকে মারধরের ঘটনায় গ্রেফতার ৬

ছুটির দিনে দক্ষিণ কলকাতার এক নামী শপিং মলের মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার শিকার হলেন এক দম্পতি। সিনেমা হলের অন্দরেই তরুণীকে লক্ষ্য করে কুরুচিকর মন্তব্য ও অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয়, এর প্রতিবাদ করায় ওই দম্পতি ও তাঁদের সঙ্গীদের ওপর চড়াও হয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই চাঞ্চল্যকর ঘটনায় দ্রুত পদক্ষেপ করে মোট ৬ জন অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় স্বামী, বন্ধু ও কয়েকজন পরিচিতকে সঙ্গে নিয়ে কসবার ওই মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে গিয়েছিলেন এক তরুণী। অভিযোগ, ছবি চলাকালীন হলের অন্ধকারেই ৫-৬ জন যুবক ওই তরুণী ও তাঁর মহিলা সঙ্গীদের উদ্দেশে লাগাতার অশ্লীল ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে থাকে। পরিস্থিতি অস্বস্তিকর হয়ে উঠলে দম্পতি ও তাঁদের সঙ্গীরা এর জোরালো প্রতিবাদ জানান। অভিযোগ রয়েছে, প্রতিবাদ করা মাত্রই ওই যুবকেরা আরও চড়াও হয় এবং তাঁদের মারধর শুরু করে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কসবা থানার পুলিশ। সূত্রের খবর, মলে আসার পরেও অভিযুক্তরা পুলিশ ও সাধারণ মানুষের সঙ্গে চরম দুর্ব্যবহার করে। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কসবা থানায় দায়ের হওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ৬ জনকেই পাকড়াও করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে মহিলাদের উদ্দেশে অশালীন আচরণ, শ্লীলতাহানি, মারধর এবং হুমকি দেওয়ার মতো একাধিক গুরুতর ধারায় মামলা রুজু করা হয়েছে। আজকের মধ্যেই তাদের আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ। শহরের নামী মাল্টিপ্লেক্সের অন্দরে এ ধরনের নিরাপত্তা ও আইনশৃঙ্খলার অবনতির ঘটনায় ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Aditi Banik
  • Aditi Banik