‘বিশ্বাসই করতে পারছি না!’ সহকর্মীর চিরবিদায়ে শোকে পাথর কিংবদন্তি অভিনেতা রঞ্জিত মল্লিক

বাংলা সিনেমার সোনালী যুগের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ গোটা টলিপাড়া। দীর্ঘ এক বছর ক্যানসারের সঙ্গে লড়াই করার পর রবিবার রাতে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর এই আকস্মিক প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিক। প্রিয় সহ-অভিনেত্রীর মৃত্যুর খবর প্রথমে কিছুতেই বিশ্বাস করতে পারেননি বলে জানান তিনি।

সোশাল মিডিয়ায় এক ভিডিয়ো বার্তায় পুরনো দিনের স্মৃতিচারণ করে আবেগঘন হয়ে পড়েন রঞ্জিত মল্লিক। তিনি জানান, খবরটি শোনার পর তাঁর পক্ষে তা মেনে নেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। প্রয়াত অভিনেত্রীর সঙ্গে অতীতে ‘মৌচাক’ ও ‘স্বয়ংসিদ্ধার’ মতো স্মরণীয় চলচ্চিত্রে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে অভিনেতা বলেন, মিঠু অত্যন্ত প্রতিভাবান ও একজন অসাধারণ অভিনেত্রী ছিলেন। সুচিত্রা সেনের পর তিনিই একমাত্র নায়িকা যিনি একসময়ে সাফল্যের চূড়ায় থেকেও স্বেচ্ছায় ক্যামেরার সামনে আসা চিরতরে বন্ধ করে দিয়েছিলেন। সহকর্মীর বিয়োগে শোকাচ্ছন্ন পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁর আত্মার চিরশান্তি কামনা করেছেন রঞ্জিত মল্লিক।

Aditi Banik
  • Aditi Banik