পুড়ে যাওয়া খাবারের পোড়া গন্ধ দূর করার সহজ উপায়!

রান্না করতে গিয়ে খাবার পুড়িয়ে ফেলাটা বেশ সাধারণ ঘটনা। আপনি যতই অভিজ্ঞ রাঁধুনি হন না কেন, একটু অন্যমনস্ক হলেই এমনটা ঘটতে পারে। রান্নার সময় অন্য কাজে ব্যস্ত হয়ে গেলে বা মনোযোগ হারিয়ে ফেললে প্রায়শই এই সমস্যা হয়। কিন্তু শখের রান্না পুড়ে গেলে কি সেটা ফেলে দেন? তাহলে তো অনেক সময় আর খাবার দুটোই নষ্ট! এদিকে পোড়া গন্ধে সেই খাবার খাওয়াও যায় না। তাহলে উপায়? খাবার থেকে পোড়া গন্ধ দূর করতে পারলে আর তা ফেলে দিতে হবে না। চলুন জেনে নিই, পোড়া খাবারের গন্ধ দূর করার কিছু সহজ কৌশল।

খাবার থেকে পোড়া গন্ধ দূর করার কার্যকর পদ্ধতি:
মাংস পুড়ে গেলে: সুস্বাদু মাংস কষাতে কষাতে অন্য দিকে মন চলে গেল আর যেই না ফিরলেন, দেখলেন সাধের মাংস পুড়ে গেছে! এমন অবস্থায় মন খারাপ না করে, প্রথমে চামচ দিয়ে পুড়ে যাওয়া অংশ বাদ দিয়ে ভালো মাংসগুলো তুলে নিন। এরপর অন্য একটি পাত্রে নতুন করে পেঁয়াজ ভেজে তাতে তুলে রাখা মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিন। খেয়াল রাখবেন, পেঁয়াজ যেন ভালোভাবে ভাজা হয়। পেঁয়াজের সুন্দর গন্ধে মাংসের পোড়া গন্ধ অনেকটাই দূর হয়ে যাবে। চাইলে এর পর ঝোলও দিতে পারেন।

ঝোল পুড়ে গেলে: অনেক সময় মাছ বা মাংসের ঝোল চুলায় বসিয়ে অন্য কাজ করতে গেলে ঝোল পাত্রের তলায় ধরে যায়। এমনটা হলে, প্রথমে মাছ বা মাংসের টুকরোগুলো সাবধানে আলাদা করে নিন। এরপর বাকি ঝোলে কয়েক টুকরো কুমড়ো যোগ করুন। কুমড়ো সেদ্ধ হয়ে গেলে সেগুলো তুলে ফেলুন। এতে খাবারের পোড়া গন্ধ সহজেই দূর হবে। এই পদ্ধতিতে কুমড়োর বদলে আলুও ব্যবহার করতে পারেন।

ভাত পুড়ে গেলে: অনেকেই বসা ভাত রান্না করেন, কারণ মার ফেলে রান্না করলে ভাতের বেশিরভাগ পুষ্টি নষ্ট হয়ে যায়। কিন্তু বসা ভাত রাঁধতে গিয়ে হাঁড়ির নিচের দিকে ধরে যাওয়াটা সাধারণ সমস্যা। এমনটা হলে ভুলেও খুন্তি দিয়ে বারবার নাড়তে যাবেন না, এতে পুরো ভাতে পোড়া গন্ধ ছড়িয়ে পড়বে। প্রথমে চুলা বন্ধ করে দিন। এরপর হাঁড়ির উপরের দিকের ভাতগুলো অন্য একটি পাত্রে তুলে নিন। ভাতের পোড়া গন্ধ সহজে দূর করা কঠিন। এক্ষেত্রে, তুলে রাখা ভাতের উপর কয়েক টুকরো পাউরুটি রেখে দিন। এবার হাঁড়িটি আবার অল্প আঁচে চুলায় বসান। পাউরুটির টুকরোগুলো ভাতের পোড়া গন্ধ শুষে নেবে। তবে চুলার আঁচ যেন বেশি না হয়, সেদিকে খেয়াল রাখবেন।