পড়াশোনা হোক কিংবা খেলাধুলা, জঙ্গলমহলের ছেলে-মেয়েরা কোনও অংশেই পিছিয়ে নেই। সম্প্রতি পুরুলিয়া শহরের রাঁচি রোডের পুরুলিয়া ক্লাবের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল দু’দিন ব্যাপী ইন্টার-ডিস্ট্রিক্ট ব্যাডমিন্টন টুর্নামেন্ট। ১১ বছর থেকে ৫০ বছর বয়সী খেলোয়াড়দের ভিড়ে এই প্রতিযোগিতায় নজর কেড়েছে ১৭ বছর বয়সী এক তরুণী।
ওই তরুণীর নাম ইভানজলিন জ্যোতি খালকে, যিনি একাদশ শ্রেণির ছাত্রী এবং পুরুলিয়ার এজিপিএন কনভেন্ট অ্যান্ড ইআর স্কুলের ছাত্রী। জ্যোতি মূলত ধানবাদের বাসিন্দা হলেও, মায়ের কর্মসূত্রে বর্তমানে পুরুলিয়ায় থাকেন। তাঁর মা পুরুলিয়ার বলরামপুরের জওহর নবোদয় বিদ্যালয়ের শিক্ষিকা এবং বাবা রেল পুলিশে কর্মরত।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই প্রতিযোগিতায় প্রায় ৭০ জন ছেলে অংশগ্রহণ করলেও, জ্যোতি ছিলেন একমাত্র মেয়ে। ছেলেদের সঙ্গে একা প্রতিদ্বন্দ্বিতা করার তার এই সাহস সকলের প্রশংসা কুড়িয়েছে। ক্লাব উদ্যোক্তারা জানান, বেশ কয়েক বছর ধরে তাঁরা এই প্রতিযোগিতা আয়োজন করছেন, তবে এই বছর জ্যোতি খালকের অংশগ্রহণ তাঁদের কাছে অন্যতম আকর্ষণ। তাঁরা আশা করছেন, আগামী দিনে মেয়েদের অংশগ্রহণ আরও বাড়বে।
জ্যোতি খালকে নিজের অভিজ্ঞতা জানিয়ে বলেন, “আমি দীর্ঘদিন ধরেই ব্যাডমিন্টন প্র্যাকটিস করছি। তবে এই প্রথমবার এতজন ছেলে প্রতিযোগীর সঙ্গে একা প্রতিদ্বন্দ্বিতা করলাম। অভিজ্ঞতা বেশ ভালোই ছিল এবং অনেকটাই অনুপ্রেরণা পেয়েছি।” তাঁর কোচ অরিন্দম দাসও বলেন, “এত জন ছেলের মাঝখানে একা একটি মেয়ের খেলা সত্যিই প্রশংসার যোগ্য। দীর্ঘ মনোবল থেকেই এই কাজ সে করতে পেরেছে। কোচ হিসেবে আমার গর্ববোধ হচ্ছে।”
দু’দিন ব্যাপী এই প্রতিযোগিতা ঘিরে প্রতিযোগীদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে এবং দর্শকদের করতালিতে মুখরিত ছিল গোটা অডিটোরিয়াম।