বাইরে থেকে কিনে সামান্য কিছু দই ফুচকা খেয়ে মন ভরে না? তাহলে চিন্তা নেই। এবার বাড়িতেই বানিয়ে নিন দোকানের মতো মজাদার দই ফুচকা। রেসিপিটি খুবই সহজ এবং খরচও কম।
উপকরণ
ফুচকার জন্য: ১০-১৫টি ফুচকার শেল, ২৫০ গ্রাম ডাবলি (শুকনো মটর), ২টি পেঁয়াজ কুচি, ১ চামচ কাঁচা লঙ্কা কুচি, ১ চামচ ধনেপাতা কুচি।
দইয়ের মিশ্রণ: ১ কাপ টক দই, ১ চামচ চিনি, ১ চামচ বিট নুন।
তেঁতুলের টক: আধা কাপ তেঁতুলের ঘন পাল্প, আধা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, আধা চামচ চাট মশলা, ১ চামচ চিনি, ১ চামচ বিট নুন।
অন্যান্য: ১ টেবিল চামচ চাট মশলা, ১ চামচ ভাজা জিরে গুঁড়ো, আধা চামচ ভাজা শুকনো লঙ্কা গুঁড়ো, ১ কাপ ভুজিয়া বা ঝুরিভাজা।
বানানোর পদ্ধতি
১. ডাবলি (মটর) প্রস্তুত: শুকনো মটরগুলো ৭-৮ ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন। এরপর সামান্য হলুদ ও নুন দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে নিন।
২. দইয়ের মিশ্রণ তৈরি: একটি বাটিতে দই নিয়ে চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। এতে চিনি এবং বিট নুন মিশিয়ে আবারও ফেটিয়ে আলাদা করে রাখুন।
৩. তেঁতুলের টক তৈরি: তেঁতুলের ঘন পাল্পের সঙ্গে শুকনো লঙ্কা গুঁড়ো, চাট মশলা, চিনি এবং বিট নুন মিশিয়ে নিন।
৪. ফুচকার পুর তৈরি: সেদ্ধ করা ডাবলির সঙ্গে মিহি করে কাটা পেঁয়াজ, কাঁচালঙ্কা, ধনেপাতা, অর্ধেক শুকনো লঙ্কা গুঁড়ো, চাট মশলা এবং বাকি বিট নুন মিশিয়ে নিন।
৫. ফুচকা সাজানো: এবার একটি করে ফুচকার শেল নিয়ে মাঝখানে ভেঙে দিন। তার মধ্যে তৈরি করা পুর ভরে নিন। এরপর উপরে ফেটানো দই, তেঁতুলের টক, ভুজিয়া, ধনেপাতা এবং ভাজা শুকনো লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিন।
আপনার মনের মতো সুস্বাদু দই ফুচকা এখন পরিবেশনের জন্য তৈরি! এবার যত খুশি তত খান এবং উপভোগ করুন।





