ভিটামিন ‘সি’ এর ভাণ্ডার আমলকি! এর অসাধারণ গুণাগুণ ও ব্যবহারের নিয়ম সম্পর্কে জানা অসভ্যে কি?

ভেষজ গুণে ভরপুর একটি ফল হলো আমলকি। এর ফল এবং পাতা দুটোই ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। বিভিন্ন রোগ নিরাময়ের পাশাপাশি আমলকি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে দারুণ সাহায্য করে। এর গুণাগুণের জন্য আয়ুর্বেদিক ওষুধেও এখন আমলকির নির্যাস ব্যবহার করা হচ্ছে। আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’ বিদ্যমান। পুষ্টিবিজ্ঞানীদের মতে, আমলকিতে পেয়ারা ও কাগজি লেবুর চেয়ে তিন গুণ ও ১০ গুণ বেশি ভিটামিন ‘সি’ রয়েছে। শুধু তাই নয়, কমলালেবুর চেয়ে ১৫ থেকে ২০ গুণ, আপেলের চেয়ে ১২০ গুণ, আমের চেয়ে ২৪ গুণ এবং কলার চেয়ে ৬০ গুণ বেশি ভিটামিন ‘সি’ পাওয়া যায় এই ফলে।

প্রতি ১০০ গ্রাম আমলকিতে রয়েছে: জলীয় অংশ – ৯১.৪ গ্রাম, মোট খনিজ – ০.৭ গ্রাম, আঁশ – ৩.৪ গ্রাম, খাদ্যশক্তি – ১৯ কিলোক্যালরি, আমিষ – ০.৯ গ্রাম, চর্বি – ০.১ গ্রাম, শর্করা – ৩.৫ গ্রাম, ক্যালসিয়াম – ৩৪ মিলিগ্রাম, লৌহ – ১.২ মিলিগ্রাম, ক্যারোটিন – ০, ভিটামিন বি-১ – ০.০২ মিলিগ্রাম, ভিটামিন বি-২ – ০.০৮ মিলিগ্রাম এবং ভিটামিন সি – ৪৬৩ মিলিগ্রাম।

আসুন জেনে নেওয়া যাক আমলকি খাওয়ার কিছু উল্লেখযোগ্য উপকারিতা সম্পর্কে:

১. চুলের যত্নে: আমলকি চুলের টনিক হিসেবে কাজ করে। এটি চুলের গোড়া মজবুত করে, চুল বৃদ্ধিতে সাহায্য করে, খুশকির সমস্যা দূর করে এবং পাকা চুল প্রতিরোধে সহায়ক।

২. হজমক্ষমতা বাড়ায়: আমলকির রস কোষ্ঠকাঠিন্য ও পাইলসের সমস্যা দূর করতে পারে। এটি পেটের গোলযোগ ও বদহজম রুখতেও সাহায্য করে।

৩. অ্যাসিডিটি কমায়: এক গ্লাস দুধ বা জলের সঙ্গে আমলকি গুঁড়ো ও সামান্য চিনি মিশিয়ে দিনে দু’বার খেলে অ্যাসিডিটির সমস্যা কম রাখতে সাহায্য করে।

৪. হজম সমস্যা নিরাময়: আধা চূর্ণ শুষ্ক ফল এক গ্লাস জলে ভিজিয়ে খেলে হজম সমস্যা দূর হয়। খাবারের সঙ্গে আমলকির আচার হজমে সহায়ক।

৫. ত্বকের ঔজ্জ্বল্য বাড়ায়: প্রতিদিন সকালে আমলকির রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে ত্বকের কালো দাগ দূর হয় এবং উজ্জ্বলতা বাড়ে।

৬. দৃষ্টিশক্তি বাড়ায়: আমলকির রস দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে এবং চোখের বিভিন্ন সমস্যা যেমন প্রদাহ, চুলকানি বা জল পড়ার সমস্যা থেকে মুক্তি দেয়। এতে থাকা ফাইটো-কেমিক্যাল চোখের সঙ্গে জড়িত ডিজেনারেশন প্রতিরোধে সাহায্য করে।

৭. দাঁত ও মুখের স্বাস্থ্য রক্ষা করে: প্রতিদিন আমলকির রস খেলে নিঃশ্বাসের দুর্গন্ধ দূর হয় এবং দাঁত শক্ত থাকে। এর টক ও তেতো স্বাদ মুখে রুচি ও স্বাদ বাড়ায়। রুচি বৃদ্ধি ও খিদে বাড়ানোর জন্য আমলকী গুঁড়োর সঙ্গে সামান্য মধু ও মাখন মিশিয়ে খাওয়ার আগে খেতে পারেন।

৮. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: আমলকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। কফ, বমি, অনিদ্রা ও ব্যথা-বেদনায় এটি অনেক উপকারী। ব্রঙ্কাইটিস ও অ্যাজমার জন্য আমলকির জুস উপকারী।

৯. শারীরিক কার্যক্ষমতা বাড়ায়: আমলকি শরীর ঠাণ্ডা রাখে, কার্যক্ষমতা বাড়ায় ও পেশি মজবুত করে। এটি হৃদযন্ত্র, ফুসফুস ও মস্তিষ্কের শক্তিবর্ধক হিসেবে কাজ করে। আমলকির আচার বা মোরব্বা মস্তিষ্ক ও হৃদযন্ত্রের দুর্বলতা দূর করে এবং শরীরের অপ্রয়োজনীয় ফ্যাট ঝরাতে সাহায্য করে।

১০. ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে: আমলকি ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে এবং কোলেস্টেরল লেভেল কমাতেও সহায়ক।

মধুতে আমলকি ভিজিয়ে খেলে উপকারিতা:

মধুতে আমলকি ভিজিয়ে খেলে এটি ত্বকের বুড়িয়ে যাওয়া রোধ করে, রক্তস্বল্পতা প্রতিরোধ করে এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। মধু ও আমলকির মিশ্রণ লিভারের স্বাস্থ্য ভালো রাখে, শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়, অ্যাজমা ও শ্বাসতন্ত্রের অন্যান্য সমস্যা কমাতে সাহায্য করে, কফ ও ঠান্ডা প্রতিরোধ করে এবং হজমের সমস্যা সমাধানেও কার্যকর ভূমিকা রাখে।

কিভাবে তৈরি করবেন: একটি মাঝারি আকারের বয়ামে অর্ধেক পরিমাণ মধু নিন। এর মধ্যে কয়েকটি আমলকি দিন। বয়ামের মুখ বন্ধ করে দিন। কিছুদিন পর দেখবেন আমলকি নরম হয়ে গেছে। এটি অনেকটা জ্যামের মতো হয়ে যাবে। মিশ্রণটি প্রতিদিন সকালে খেতে পারেন।

আমলকি খাওয়ার ক্ষেত্রে সতর্কতা:

যদিও আমলকির অনেক উপকারিতা রয়েছে, তবে কিছু ক্ষেত্রে এটি খাওয়ার সময় সতর্কতা অবলম্বন করা উচিত:

১. কোষ্ঠকাঠিন্য: কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকলে আমলকি খেতে সতর্ক থাকুন, কারণ এটি সমস্যা বাড়িয়ে দিতে পারে। পর্যাপ্ত জল পান না করলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

২. হাইপারঅ্যাসিডিটি: আমলকিতে উচ্চমাত্রায় ভিটামিন সি থাকায় এটি প্রাকৃতিকভাবেই অ্যাসিডিক। খালি পেটে খেলে অন্ত্রের অ্যাসিড বৃদ্ধি সহ স্বাস্থ্যগত সমস্যা হতে পারে।

৩. ডায়াবেটিস: ডায়াবেটিসের ওষুধ হিসেবে আমলকি খাওয়ার পরামর্শ দেওয়া হলেও, ডায়াবেটিসের মাত্রা বিপজ্জনক হলে এটি ঝুঁকি সৃষ্টি করতে পারে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণের ওষুধের কাজে বাধা দিতে পারে। তাই ডায়াবেটিস থাকলে চিকিৎসকের পরামর্শ নিন।

৪. হৃদরোগ: আমলকি হৃৎপিণ্ডের জন্য উদ্দীপক হতে পারে এবং হৃৎস্পন্দন পরিবর্তন করতে পারে। হৃদরোগ থাকলে হঠাৎ বেশি আমলকি খাওয়া উচিত নয়।

৫. ঠাণ্ডাজনিত সমস্যা: অনেক বিশেষজ্ঞ মনে করেন আমলকি ঠাণ্ডা সমস্যা বাড়াতে পারে। তাই ঠাণ্ডা লাগলে হঠাৎ করে আমলকি খাওয়া উচিত নয়।

আমলকি যেভাবে খাওয়া যায়:

আমলকি সাধারণত কাঁচা চিবিয়ে খাওয়া হয়। তবে টক ও কষটে স্বাদের কারণে অনেকে এটি খেতে পছন্দ করেন না। তারা চাইলে জুস, আচার, চাটনি তৈরি করে বা রোদে শুকিয়েও খেতে পারেন। এছাড়াও, আমলকি গুঁড়ো করে মধু ও মাখনের সঙ্গে মিশিয়ে অথবা জলের সঙ্গে চিনি মিশিয়েও খাওয়া যেতে পারে। বছরজুড়ে আমলকি সংরক্ষণের জন্য এটি কেটে ভাপিয়ে লবণ, আদা কুচি, লেবুর রস ও সরিষার তেল মেখে রোদে শুকিয়ে নেওয়া যেতে পারে।

আমলকি একটি অত্যন্ত উপকারী ফল যা আমাদের সুস্থ জীবন যাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে যেকোনো স্বাস্থ্যকর খাবার গ্রহণের পূর্বে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy