বর্ষায় ইলিশ-খিচুড়ির প্রেমে বাঙালি! বৃষ্টির কি সত্যিই কোনো স্বাদ আছে? জানুন আড্ডার অন্দরের গল্প

বর্ষাকাল মানেই বাঙালির মনে এক অন্যরকম নস্ট্যালজিয়া। আর তার সঙ্গে যদি থাকে ধোঁয়া ওঠা গরম খিচুড়ি আর মুচমুচে ইলিশ ভাজা, তবে তো সোনায় সোহাগা। ঝিরঝিরে বৃষ্টির দিনে বাঙালির এই চিরন্তন ভোজনবিলাসের আবেগ এবং খাদ্যাভ্যাস নিয়ে সম্প্রতি কলকাতার এক অনুষ্ঠানে বসেছিল তারার মেলা। প্রাইমার্ক পোডিয়ামের উদ্যোগে আয়োজিত এই বিশেষ আসরে বৃষ্টির স্বাদ, হারিয়ে যাওয়া চালের ঐতিহ্য এবং বাঙালির রসনা তৃপ্তির নানা দিক নিয়ে আলোচনা করলেন বিশিষ্ট ব্যক্তিত্বরা।

আলোচনাচক্রে উপস্থিত ছিলেন বিখ্যাত শেফ শন কেন ওয়র্দি, ‘আমার খামার’-এর সহ-প্রতিষ্ঠাতা সুজয় চট্টোপাধ্যায় এবং কলকাতা লিটারেরি মিটের ডিরেক্টর মালবিকা বন্দ্যোপাধ্যায়। ইংল্যান্ডের স্যাঁতস্যাঁতে বর্ষার স্মৃতি থেকে শুরু করে বাংলার প্রাচীন চাল ও হারিয়ে যাওয়া মাছের প্রসঙ্গ—সবই উঠে আসে এই আড্ডায়। ফরাক্কা বাঁধ তৈরির আগের দিনে কানপুরেও যে ইলিশ মাছ পাওয়া যেত, সে কথা শুনে চমকে ওঠেন অনেকে। বাঙালির খাওয়া-দাওয়া নিয়ে রসাত্মক আলোচনার পাশাপাশি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর শুভম চৌধুরীর সাবলীল উপস্থাপনা অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে। আলোচনা শেষে ‘৬ বালিগঞ্জ প্লেস’-এর সুস্বাদু মনসুন লাঞ্চের আয়োজন করা হয়, যা বৃষ্টির আমেজে অতিথিদের দুপুরের ভোজের অভিজ্ঞতাকে আরও স্মরণীয় করে তোলে।