দাম্পত্য জীবনকে আরও মিষ্টি করবে এই ৭টি ছোট বাক্য! ঝগড়া হলেও সম্পর্ক থাকবে অটুট

প্রত্যেকেই দাম্পত্য জীবনে সুখী হতে চান। কিন্তু এক ছাদের নিচে থাকতে গেলে ঝগড়া, বিবাদ ও অভিমান হওয়া স্বাভাবিক। সম্পর্কের শান্তি বজায় রাখতে, কৌশলগতভাবে কিছু শব্দ বা বাক্য ব্যবহার করা প্রয়োজন, যা মুহূর্তের মধ্যে অশান্তি দূর করে ভালোবাসা বাড়িয়ে তোলে।

দাম্পত্য কলহ হলেও সম্পর্ককে দীর্ঘস্থায়ী করতে যে ৭টি ছোট বাক্য অবশ্যই ব্যবহার করবেন, জেনে নিন:

১. ‘দয়া করে’ (Please)
এটি সাধারণ সৌজন্যতার পরিচয়। সঙ্গীর কাছে কিছু চাওয়ার সময় এই শব্দটি ব্যবহার করলে তিনি আপনার প্রতি সন্তুষ্ট হন এবং তাঁর ভালোবাসা ও স্নেহ বেড়ে যায়। সম্মান দেখালে বিনিময়ে সম্মান পাওয়া যায়।

২. ‘ধন্যবাদ’ (Thank you)
আমরা প্রায়ই মনে করি, আপনজনকে ধন্যবাদ দেওয়ার কী প্রয়োজন? কিন্তু সামান্য এই শব্দটি বিশেষ গুরুত্ব বহন করে। ছোট্ট কোনো কাজের পরও আপনি খুশি হয়ে যখন সঙ্গীকে ‘ধন্যবাদ’ বলবেন, তখন তিনি অনেক খুশি হবেন এবং আরও বেশি উৎসাহ পাবেন।

৩. ‘দুঃখিত’ (Sorry)
একসঙ্গে থাকতে গেলে ছোটখাটো ভুল বা উচ্চবাচ্য হতেই পারে। এক্ষেত্রে মেজাজ না দেখিয়ে যদি আপনি দ্রুত ‘দুঃখিত’ বলেন, তবে এক মুহূর্তেই সব ঠিক হয়ে যাবে। মনে রাখবেন, সরি বললে আপনি ছোট হবেন না। বরং আপনার নম্রতা দেখে সঙ্গীও নিজের ভুল বুঝতে পারবে।

৪. ‘তোমাকে সুন্দর দেখাচ্ছে’ (You look beautiful/nice)
সঙ্গী যখন নতুন পোশাক পরেন বা সাজেন, তখন ভালোবাসার সাথে একবার বলুন ‘তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে’। অনেকে মনে মনে প্রশংসা করলেও মুখ ফুটে বলেন না, যা সম্পর্ককে দুর্বল করে। সামান্য এই প্রশংসা দাম্পত্য সম্পর্কে বিশেষ ভূমিকা রাখে।

৫. ‘তোমার মতামত চাই’ (I need your opinion)
যেকোনো কাজের শুরুতে সঙ্গীর কাছ থেকে পরামর্শ নিন। এর অর্থ এই নয় যে আপনি তার চেয়ে কম বোঝেন, বরং এর মাধ্যমে আপনি তাকে কতটা গুরুত্ব দেন, তা বোঝা যায়। আপনি যখন তার কাছে মতামত জানতে চাইবেন, তখন সঙ্গী আপনার প্রতি সদয় হবে এবং শ্রদ্ধাবোধ করবে।

৬. ‘তুমি অবশ্যই পারবে’ (You definitely can do it)
সঙ্গীকে উৎসাহ দেওয়ার জন্য হলেও এই কথাটি বলা উচিত। প্রিয়জনের সামান্য উৎসাহ ও সহযোগিতায় অনেক অসম্ভব কাজও সম্ভব করা যায়। আপনার এই কথাটুকু সঙ্গীর আত্মবিশ্বাস অনেকাংশে বাড়িয়ে দিতে পারে।

৭. ‘তোমাকে ভালোবাসি এবং মিস করি’ (I love you and I miss you)
প্রিয়জনকে সময়-অসময়ে অকপটে ‘ভালোবাসি’ বা ‘মিস করি’ বলতেই পারেন। এতে সঙ্গী কখনোই বিরক্ত হবে না, বরং আপনার প্রতি তার টান আরও বাড়বে এবং সেও একই কথা আপনাকে বলবে। এই প্রকাশ দাম্পত্যের বন্ধনকে আরও মজবুত করে।