ঋতু পরিবর্তনের এই সময়ে ঘরে ঘরে জ্বর এবং শরীরে লালচে র্যাশের সমস্যা দেখা দিচ্ছে। অনেকেই শরীরে গুটি বা র্যাশ দেখলেই তাকে ‘পক্স’ বা বসন্ত বলে ধরে নেন। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের ভাষায় চিকেনপক্স (Chickenpox) এবং হাম (Measles) সম্পূর্ণ ভিন্ন দুটি রোগ। এদের লক্ষণ এবং জটিলতাও আলাদা। সঠিক সময়ে পার্থক্য বুঝতে না পারলে বিপদ বাড়তে পারে।
আপনার সুবিধার্থে চিকেনপক্স ও হামের প্রধান পার্থক্যগুলো নিচে তুলে ধরা হলো:
১. ভাইরাসের ভিন্নতা
চিকেনপক্স: এটি ‘ভ্যারিসেলা জোস্টার’ (Varicella Zoster) নামক ভাইরাসের কারণে হয়।
হাম: এটি ‘মরবিলি’ (Morbilli) ভাইরাসের সংক্রমণে হয়ে থাকে।
২. র্যাশের ধরন দেখে চেনার উপায়
চিকেনপক্স: এতে শরীরে ছোট ছোট জলভরা ফুসকুড়ি বা ফোসকার মতো দেখা দেয়। যা চুলকালে ফেটে যায় এবং পরে শুকনো প মামড়ি পড়ে। এটি সাধারণত বুক, পিঠ এবং মুখ থেকে শুরু হয়ে সারা শরীরে ছড়ায়।
হাম: হামের ক্ষেত্রে শরীরে ছোট ছোট লালচে দানার মতো র্যাশ বের হয়। এতে জল থাকে না এবং সাধারণত এগুলো চুলকায় না। এটি কান বা ঘাড়ের পিছন থেকে শুরু হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে।
৩. আনুষঙ্গিক লক্ষণ
চিকেনপক্স: হালকা থেকে মাঝারি জ্বর এবং শরীর ম্যাজম্যাজ করার ১-২ দিনের মধ্যেই র্যাশ দেখা দেয়। প্রচণ্ড চুলকানি এর অন্যতম প্রধান বৈশিষ্ট্য।
হাম: হামের ক্ষেত্রে প্রচণ্ড জ্বর (১০৩-১০৪ ডিগ্রি পর্যন্ত হতে পারে), সেই সঙ্গে সর্দি, কাশি এবং চোখ লাল হয়ে জল পড়ার মতো লক্ষণ দেখা দেয়। মুখে ছোট ছোট সাদা দাগ (Koplik’s spots) দেখা দিতে পারে।
৪. জটিলতা
হামের ক্ষেত্রে নিউমোনিয়া বা মস্তিষ্কে সংক্রমণের মতো মারাত্মক ঝুঁকি থাকে, যা সঠিক চিকিৎসা না পেলে প্রাণঘাতী হতে পারে। অন্যদিকে, চিকেনপক্স সাধারণত সঠিক বিশ্রাম ও যত্নে সেরে যায়, তবে দাগ থেকে যাওয়ার ভয় থাকে।
এক নজরে পার্থক্য:
| বৈশিষ্ট্য | চিকেনপক্স (Chickenpox) | হাম (Measles) |
| র্যাশের আকার | জলভরা ফোসকা বা গুটি | লালচে সমতল দানা |
| চুলকানি | প্রচণ্ড চুলকানি হয় | সাধারণত চুলকায় না |
| জ্বর | মাঝারি জ্বর | প্রচণ্ড বেশি জ্বর ও কাশি |
| শুরু হয় যেখানে | বুক বা পিঠ থেকে | কানের পেছন বা মুখ থেকে |
সম্পাদকের পরামর্শ: শরীর ও ত্বকে কোনো অস্বাভাবিক পরিবর্তন দেখলেই ঘরোয়া টোটকার ওপর ভরসা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। টিকা নেওয়ার মাধ্যমে এই দুটি রোগই প্রতিরোধ করা সম্ভব। সুস্থ থাকুন, সচেতন থাকুন।





