উচ্চ রক্তচাপ বর্তমানে এক সাধারণ স্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে। শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, বিভিন্ন বয়সের মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন। চিকিৎসকদের মতে, রক্তচাপ বৃদ্ধি পেলে শরীরে মারাত্মক জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। যাদের রক্তচাপ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি, তাদের নিয়মিত ঔষধের মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হয়।
তবে অনেক সময় ওষুধ খাওয়ার পরেও রক্তচাপ নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে। এই পরিস্থিতিতে, দৈনন্দিন খাদ্যতালিকায় কিছু বিশেষ খাবার যোগ করা অপরিহার্য। অনেকেরই অজানা, বিটরুট উচ্চ রক্তচাপ কমাতে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিটরুটে প্রচুর পরিমাণে খাদ্যতালিকাগত নাইট্রেট থাকে যা শরীরে প্রবেশ করে জৈবিকভাবে সক্রিয় নাইট্রাইট এবং নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হয়। মানবদেহে, এই নাইট্রিক অক্সাইড রক্তনালীগুলোকে শিথিল করে এবং তাদের প্রসারণ ঘটায়। এর ফলে রক্তচাপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। ‘দ্য জার্নাল অফ নিউট্রিশন’-এ প্রকাশিত একটি গবেষণা পত্রে গবেষকরা উল্লেখ করেছেন যে, অজৈব নাইট্রেট এবং বিটরুটের রসের পরিপূরক সিস্টোলিক রক্তচাপ কমাতে বিশেষভাবে কার্যকর।
শুধু রক্তচাপ কমানোই নয়, বিটরুটের আরও অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। সেগুলো হলো-
১. হৃৎপিণ্ড সুস্থ রাখে: বিটরুট হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।
২. ক্যানসার প্রতিরোধ করে: অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ বিটরুট ক্যান্সার কোষের বৃদ্ধি রোধে সহায়ক।
৩. হজম উন্নত করে: বিটরুটে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে তোলে।
৪. কোলেস্টেরল কমাতে ভূমিকা রাখে: এটি শরীরের ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে।
৫. ডায়রিয়া নিরাময় করে: বিটরুট ডায়রিয়ার মতো সমস্যায় উপকারী।
৬. মুখের ফোস্কা নিরাময় করে: এর অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য মুখের ফোস্কা সারাতে সাহায্য করে।
৭. চর্বি কমায়: বিটরুট শরীরে অতিরিক্ত চর্বি জমতে বাধা দেয়।
৮. হাড় মজবুত করে: এতে থাকা প্রয়োজনীয় খনিজ হাড়কে শক্তিশালী করে তোলে।
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বিটের রস ছাড়াও পালং শাক, রসুন এবং মিষ্টি আলুর মতো সবজি খাদ্যতালিকায় যোগ করলে উপকার পাওয়া যায়। এর পাশাপাশি নিয়মিত শরীরচর্চা করাও অত্যন্ত জরুরি। উচ্চ রক্তচাপের রোগীদের অবশ্যই অতিরিক্ত লবণ, জাঙ্ক ফুড এবং টিনজাত খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। সুস্থ জীবনযাপন এবং সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।





