ভালোবাসার সম্পর্ক বাইরে থেকে যতই নিখুঁত মনে হোক না কেন, অনেক সময় ভেতরে এমন কিছু জটিলতা তৈরি হয় যা সহজে ধরা পড়ে না। সঙ্গীকে ভীষণ ভালোবাসেন, সব সিদ্ধান্ত একে অপরের সঙ্গে ভাগ করে নেন—শুরুতে এটি খুব মধুর মনে হলেও, সময়ের সঙ্গে অনেক সময় এতে তৈরি হয় মানসিক অস্বস্তি। এই মনস্তাত্ত্বিক অবস্থাকে বলা হয় ‘এনমেশমেন্ট’ (Enmeshment)।
এনমেশমেন্ট কী?
সহজ কথায়, এনমেশমেন্ট হলো এমন এক অবস্থা যেখানে দুইজন মানুষের ব্যক্তিগত সীমারেখা বা ‘পার্সোনাল বাউন্ডারি’ প্রায় মুছে যায়। ‘আমি’ এবং ‘তুমি’—এই আলাদা সত্তার জায়গাটা কমে এসে তৈরি হয় অতিরিক্ত নির্ভরশীলতা। সব কাজ, সব চিন্তা এমনকি ছোটখাটো অনুভূতির জন্যও একে অপরের ওপর নির্ভর করার এই অভ্যাসে সম্পর্কের স্বকীয়তা হারিয়ে যেতে থাকে।
সম্পর্কে অস্বস্তি তৈরির কারণসমূহ:
ব্যক্তিগত স্পেসের অভাব: একা সময় কাটানো বা নিজের মতো কিছু করতে চাওয়াটাকে অনেক সময় অপরাধবোধ হিসেবে দেখা হয়।
ভয় ও অপরাধবোধ: নিজের পছন্দ বা সিদ্ধান্ত নিতে গেলে সঙ্গী কষ্ট পাবে কি না—এই ভয় থেকে অনেকেই নিজের ইচ্ছাগুলোকে বিসর্জন দেন।
মানসিক ক্লান্তি: নিজের পরিচয়ের চেয়ে ‘সম্পর্কের পরিচয়’ বড় হয়ে যাওয়ায় মানুষ ধীরে ধীরে মানসিক ক্লান্তি অনুভব করে।
অদৃশ্য চাপ: সবসময় একে অপরের সঙ্গে যুক্ত থাকতে গিয়ে স্বাধীনতার অভাব অনুভব হয়, যা সম্পর্কের ভেতর চাপা দূরত্ব তৈরি করে।
সম্পর্ক ঠিক রাখতে করণীয়
এনমেশমেন্টের শিকার হলে অনেকে মনে করেন কথা বললেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু এখানে সঙ্গীর মানসিকভাবে অতিরিক্ত নির্ভরশীল থাকার কারণে স্পেস চাওয়াটা অনেক সময় ‘প্রত্যাখ্যান’ হিসেবে দেখা হতে পারে। এই সংকট কাটাতে যা জরুরি:
১. স্বাস্থ্যকর সীমারেখা তৈরি: সম্পর্কের ভেতরে থেকেও ব্যক্তিগত জীবন, আলাদা সময় ও চিন্তাভাবনার জায়গা রাখা জরুরি।
২. একে অপরকে সম্মান করা: ভালোবাসা মানেই ২৪ ঘণ্টা একসঙ্গে থাকা নয়। সঙ্গীকে একজন আলাদা মানুষ হিসেবে সম্মান করতে শিখুন।
৩. খোলামেলা বোঝাপড়া: নিজের স্বাধীনতার গুরুত্ব এবং সম্পর্কের স্বাস্থ্যের কথা শান্তভাবে সঙ্গীর সঙ্গে আলোচনা করুন।
৪. স্বাধীনতা ও ভালোবাসা: মনে রাখুন, ভালোবাসার সম্পর্ক তখনই সুন্দর হয় যখন সেখানে শ্বাস নেওয়ার জায়গা থাকে।
ভালোবাসার পাশাপাশি যদি বোঝাপড়া, সম্মান এবং ব্যক্তিগত স্বাধীনতা থাকে, তবেই সম্পর্ক দীর্ঘস্থায়ী ও শান্তিপূর্ণ হয়। আপনি যদি অনুভব করেন আপনার সম্পর্কের ভেতরে এমন কোনো দেয়াল তৈরি হচ্ছে, তবে দেরি না করে আজই একে অপরের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানো শুরু করুন।





