ফুটবলের দেশ আর্জেন্টিনা মানেই আবেগ আর আভিজাত্য। আর সেই আভিজাত্যের বড় অংশ জুড়ে আছে তাদের খাদ্যসংস্কৃতি। ছুটির দিনে বারবিকিউ বা ‘আসাদো’র পাশাপাশি আর্জেন্টিনার জনপ্রিয় খাবারের নাম শুনলে প্রথমেই আসে ‘মিলানেসা আ কাবায়ো’-এর নাম। স্প্যানিশ শব্দ ‘আ কাবায়ো’ মানে ‘ঘোড়ার পিঠে’, আর মাংসের ওপর ডিমের বসানো এই পদটি তার নামের মতোই অনন্য!
যা যা লাগছে:
মাংস: পাতলা গরুর মাংস (টপ রাউন্ড বা সিরলয়েন স্টেক) ৪টি
আলু: ৩টি (ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য)
ডিম: ৫টি
ব্রেডক্রাম্ব: ১ কাপ
ময়দা: আধা কাপ
মসলা: রসুন বাটা (১ চা চামচ), অরিগানো (আধা চা চামচ), ধনেপাতা কুচি
অন্যান্য: লবণ ও গোলমরিচ (স্বাদমতো), তেল (ভাজার জন্য)
সহজে তৈরির পদ্ধতি:
১. মাংস প্রস্তুতি: প্রথমে মাংসের টুকরোগুলোকে ভালো করে ধুয়ে মিট ম্যালেট দিয়ে চ্যাপ্টা করে নিন যাতে মাংস নরম হয়। এবার রসুন বাটা, ধনেপাতা, অরিগানো, লবণ ও গোলমরিচ দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখুন।
২. কোটিং করা: প্রথমে মাংসের টুকরোগুলোকে ময়দায় গড়িয়ে পাতলা আস্তরণ দিন। এরপর ফেটানো ডিমে ডুবিয়ে সবশেষে ব্রেডক্রাম্ব ভালোভাবে চেপে মাখিয়ে নিন।
৩. ভাজার পালা: প্যানে তেল গরম করে মচমচে করে মাংসের টুকরোগুলো সোনালি করে ভেজে নিন (প্রতি পাশে ২-৩ মিনিট)। অন্য প্যানে আলুগুলো ফ্রেঞ্চ ফ্রাই করে ভেজে নিন।
৪. ডিম ও পরিবেশন: শেষে ডিমগুলো এমনভাবে ভাজুন যেন কুসুম নরম থাকে। এবার ভাজা মাংসের ওপর একটি করে ডিম বসিয়ে দিন। পাশে গরম ফ্রেঞ্চ ফ্রাই সাজিয়ে পরিবেশন করুন।
খুব সহজেই তৈরি হয়ে গেল আর্জেন্টিনার বিখ্যাত ‘মিলানেসা আ কাবায়ো’। পরিবারের সঙ্গে এই দারুণ পদটি উপভোগ করুন আর আড্ডায় যোগ করুন এক টুকরো আর্জেন্টিনা!





