বছরের শেষে থাকে নানা উৎসব, অনুষ্ঠান। কিন্তু কর্মব্যস্ততার কারণে পার্লারে যাওয়ার সময় পাবেন বলে মনে হচ্ছে না। আর সেই কারণে নিষ্প্রভ ত্বক নিয়ে মনখারাপ করে থাকলে তো চলবে না! তার চেয়ে বরং বাড়িতে বসেই ফেশিয়াল করে ফেলতে পারেন। খুব বেশি কিছু লাগবে না। বাড়িতে পাকা পেঁপে থাকলেই হবে।
শিখে নিন, কীভাবে পাকা পেঁপে দিয়ে ফেশিয়াল করবেন-
১. প্রথমে পাকা পেঁপে চটকে তার সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে নিন। ব্যস, তৈরি হয়ে গেল ক্লিনজার। এই মিশ্রণটি মিনিট দুয়েক মুখে মেখে রেখে দিন। তারপর হালকা হাতে একটু মাসাজ করে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
২. এবার ত্বকের উপরে জমা মৃত কোষ সরিয়ে ফেলতে এক্সফোলিয়েট করা প্রয়োজন। পাকা পেঁপের সঙ্গে চালের গুঁড়ো মিশিয়ে তৈরি করে ফেলতে পারেন প্রাকৃতিক এক্সফোলিয়েটর। ঘন এই মিশ্রণটি মিনিট পাঁচেক মুখে মেখে রেখে দিন। তারপর হালকা হাতে মাসাজ করে ধুয়ে ফেলুন।
৩. এবার মুখে স্টিম নেয়ার পালা। স্টিম নেয়ার যন্ত্র থাকলে ভালো। না হলে ফুটন্ত গরম জলের পাত্রের উপর মুখ রেখে ভাপ নেয়া যেতে পারে। এর ফলে পোরস বা ত্বকের রন্ধ্রে জমে থাকা তেল বা অশুদ্ধি দূর হয়ে যাবে। সেবাম ক্ষরণের পরিমাণও নিয়ন্ত্রণে থাকবে।
৪. পাকা পেঁপের সঙ্গে মিশিয়ে নিন অ্যালোভেরার শাঁস। টাটকা শাঁস না থাকলে জেলও ব্যবহার করতে পারেন। ভালো করে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে গেল মাসাজ ক্রিম। এই মিশ্রণটি দিয়ে মিনিট দশেক মুখ মাসাজ করুন। তারপর সুতির নরম তোয়ালে দিয়ে মুছে ফেলুন।
৫. পাকা পেঁপের সঙ্গে সামান্য মধু মিশিয়ে তৈরি করে ফেলুন ঘরোয়া একটি মাস্ক। মিনিট পনেরো এই মাস্ক মুখে মেখে রাখুন। ত্বকের উজ্জ্বলতা ফেরানো থেকে ওপেন পোরস সংকুচিত করা-সবই সম্ভব এই মাস্কের গুণে।




