রোহিত-বিরাটের অবসর জল্পনা ওড়ালেন রাজীব শুক্লা! “ওদের শেষ সিরিজ নয়,” অস্ট্রেলিয়া সফর নিয়ে বড় মন্তব্য বিসিসিআই সহ-সভাপতির

অস্ট্রেলিয়া সফরই কি বিরাট কোহলি এবং রোহিত শর্মার আন্তর্জাতিক ক্রিকেটে শেষ সিরিজ হতে চলেছে? এই প্রসঙ্গে চলতে থাকা জল্পনা এবার সরাসরি খারিজ করে দিলেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা। তিনি জানিয়ে দিয়েছেন, অবসরের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে দুই সিনিয়র ক্রিকেটারের ব্যক্তিগত বিষয়।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ জেতার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন রাজীব শুক্লা। তিনি স্পষ্ট জানান, “ওদের খেলা আমাদের জন্য সুবিধার। কারণ ওরা গ্রেট ব্যাটার। ওদের উপস্থিতিতে আশা করছি আমরা অস্ট্রেলিয়াকে হারাতে পারব। আর এটা ওদের শেষ সিরিজ নয়। আমরা সেই নিয়ে ভাবতে চাই না। অবসরের সিদ্ধান্ত সম্পূর্ণ ওদের। তাই এটা ওদের শেষ সিরিজ বলা সম্পূর্ণ ভুল হবে।”

অস্ট্রেলিয়া সিরিজে আশাবাদী বোর্ড
শুভমন গিলের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জেতায় টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানান রাজীব শুক্লা। ১২ বছর পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে টিম ইন্ডিয়ার সাফল্যের বিষয়ে আশাবাদী বোর্ডের সহ-সভাপতি।

তিনি বলেন, “শুভমন গিলের অধিনায়কত্বে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জেতায় অভিনন্দন। অস্ট্রেলিয়া সিরিজের আগে এই জয় খুবই গুরুত্বপূর্ণ। কারণ ওখানে কঠিন প্রতিযোগিতা হবে। ওদের দলও খুব ভালো। তাই অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে এই জয় পার্থক্য গড়ে দেবে। অবশ্যই আমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতব। আমি পুরোপুরি আশাবাদী।”

ফিট ‘হিটম্যান’, প্রস্তুত ‘রো-কো’
চ্যাম্পিয়ন্স ট্রফির পর আবার দেশের জার্সিতে দেখা যাবে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে। ক্যাঙ্গারুদের দেশে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে খেলবে এই ‘রো-কো’ জুটি। বুধবার স্যার ডন ব্র্যাডম্যানের দেশে পাড়ি দেবে ভারতীয় দল।

মুম্বই বিমানবন্দরে মঙ্গলবার রোহিত শর্মাকে দেখে যথেষ্ট ফিট মনে হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে ‘হিটম্যান’ অনেকটাই ওজন ঝরিয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ম্যাচের সেরা হওয়ার পর প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন বিরাট এবং রোহিত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই ফাইনালে রোহিত ৮৩ বলে ৭৬ রান করেছিলেন। শুভমন গিল দায়িত্ব নেওয়ার পর এই প্রথম নীল জার্সিতে নামবেন রোহিত। সম্প্রতি তিনি শিবাজী পার্কে প্রাক্তন সতীর্থ অভিষেক নায়ারের সঙ্গে প্রায় দুই ঘণ্টার ট্রেনিং সেশনে অংশ নেন। অনুশীলনে নিজের সিগনেচার পুল এবং কাট শটের প্রদর্শন করেন রোহিত। স্পিন বোলিংয়ের বিরুদ্ধেও দীর্ঘক্ষণ ব্যাটিং প্র্যাকটিস করেন তিনি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy