বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়ায় বড় বিস্ফোরণ! মাত্র ৪৯ বলে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন এই কিপার-ব্যাটার!

টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর দামামা বেজে গিয়েছে। আর বিশ্বকাপের ঠিক আগে প্রস্তুতি ম্যাচে টিম ইন্ডিয়ার অন্দরে কম্পন ধরিয়ে দিলেন উইকেটকিপার-ব্যাটার নারায়ণ জগদীশন। ইন্ডিয়া ‘এ’ দলের হয়ে খেলতে নেমে প্রতিপক্ষের বোলারদের কার্যত পাড়ার স্তরে নামিয়ে আনলেন তিনি। আমেরিকার বিরুদ্ধে ওয়ার্ম-আপ ম্যাচে মাত্র ৪৯ বলে সেঞ্চুরি পূর্ণ করে জগদীশন প্রমাণ করে দিলেন কেন তাঁকে ভারতীয় ক্রিকেটের আগামী দিনের বড় সম্পদ মনে করা হচ্ছে।
ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন ৩০ বছর বয়সী এই ব্যাটার। যদিও ইনিংসের শুরুতে প্রথম ৬ বলে করেছিলেন মাত্র ৬ রান। কিন্তু তৃতীয় ওভার থেকেই শুরু হয় তাঁর তাণ্ডব। মিলিন্দ কুমারের ওভারে ব্যাক-টু-ব্যাক চার মেরে মেজাজ বুঝিয়ে দেন তিনি। এরপর অষ্টম ওভারে সেই মিলিন্দকেই টার্গেট করে তুলে নেন ২০ রান। মাত্র ২৭ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করার পর আরও ভয়ংকর হয়ে ওঠেন জগদীশন। পরবর্তী ২২ বলে শতরান পূর্ণ করে গ্যালারিতে উত্তাপ বাড়িয়ে দেন। শেষ পর্যন্ত ৫৫ বলে ১০৪ রানের এক মহাকাব্যিক ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন তিনি। তাঁর এই টর্নেডো ইনিংসে ছিল ১১টি চার ও ১০টি বিশাল ছক্কা।
জগদীশনের এই বিধ্বংসী মেজাজে ভর করে ইন্ডিয়া ‘এ’ দল নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৩৮ রানের পাহাড় প্রমাণ স্কোর খাড়া করে। জগদীশন ছাড়াও মাঝের ওভারে আয়ুষ বাদোনি ২৬ বলে ৬০ রানের মারকুটে ইনিংস খেলেন এবং তিলক বর্মা ৩৮ রান করে যোগ্য সঙ্গ দেন। আমেরিকার বোলাররা ভারতীয় ব্যাটারদের সামনে কার্যত অসহায় আত্মসমর্পণ করেন।
যদিও জাতীয় দলের নীল জার্সি গায়ে এখনও অভিষেক হয়নি জগদীশনের, তবে ঘরোয়া ক্রিকেটে তাঁর পারফরম্যান্স চোখ ধাঁধানো। আইপিএলে কেকেআর ও সিএসকে-র হয়ে খেলা এই ক্রিকেটার লিস্ট এ ক্রিকেটে ২৭৭ রানের বিশ্বরেকর্ডের মালিক। আসন্ন টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে উইকেটকিপার স্লটের জন্য ঋষভ পন্থ বা সঞ্জু স্যামসনদের লড়াই যখন তুঙ্গে, তখন জগদীশনের এই শতরান নির্বাচকদের নতুন করে ভাবতে বাধ্য করবে।