আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা! তারপরেই মহিলাদের বিশ্বকাপের (ICC Women’s Cricket World Cup 2025) মহারণে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান (IND vs PAK)। দুই দেশের রাজনৈতিক সম্পর্কের কারণে এই ম্যাচ সবসময়ই অন্য মাত্রা লাভ করে। কিন্তু এই হাই-ভোল্টেজ লড়াইয়ের আগে অতীত পরিসংখ্যান কিন্তু ভারতের পক্ষে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছে।
ভারতের ১০০% জয়ের রেকর্ড
খাতায়-কলমে বিশেষজ্ঞরা ভারতীয় দলকেই ম্যাচের আগে ফেভারিট রাখছেন। কারণ ওয়ানডে ফরম্যাটে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় মহিলা দলের রেকর্ড একেবারে একশো শতাংশ।
মোট ওয়ানডে ম্যাচ: ভারত ও পাকিস্তান মোট ১১ বার ওয়ানডেতে একে অপরের মুখোমুখি হয়েছে।
ফলাফল: প্রতিবারই উইমেন ইন ব্লু (Women in Blue) অর্থাৎ ভারতীয় দল জয়ের হাসি হেসেছে।
বিশ্বকাপের রেকর্ড: ওয়ানডে বিশ্বকাপে দুই দলের চারটি সাক্ষাতের চারটিতেই জিতেছে ভারত।
শেষ সাক্ষাৎ: দুই দলের শেষ দেখা হয়েছিল ২০২২ সালের বিশ্বকাপে, যেখানে ভারত ১০৭ রানের বিশাল ব্যবধানে পাকিস্তানকে পরাজিত করেছিল।
এবারের বিশ্বকাপে ভারতীয় দল যেখানে শ্রীলঙ্কার বিরুদ্ধে ডাকওয়ার্থ লুইস মেথডে ৫৯ রানে জয় দিয়ে শুরু করেছে, সেখানে পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে সাত উইকেটে পরাজিত হয়েছে। ফলে, পাকিস্তানের কাছে এই ম্যাচটি টুর্নামেন্টে টিকে থাকার জন্য ‘মাস্ট উইন’ ম্যাচের গুরুত্ব বহন করছে।
রেকর্ড ভাঙার হুঙ্কার দিলেন পাক অধিনায়ক
যদিও ইতিহাস পুরোপুরি ভারতের পক্ষে, তবুও পাকিস্তান দলের অধিনায়ক ফতিমা সানা কিন্তু ম্যাচের আগে যথেষ্ট আত্মবিশ্বাসী। তাঁর দাবি, তাঁর দল শুধু ভারত নয়, বিশ্বের যেকোনো দলকেই হারানোর ক্ষমতা রাখে।
ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে ফতিমা সানা বলেন, “প্রথমত ভারত-পাকিস্তানের মধ্যে যা রেকর্ড রয়েছে, তা ভাঙা সম্ভব। এমনটা তো কখনোই নয় যে পাকিস্তান ভারতকে হারাতে পারবে না।”
তিনি আরও বলেন, “আমরা ভালো ক্রিকেট খেলায় বিশ্বাসী। কে উল্টোদিকে প্রতিপক্ষ হিসেবে আছে, তা নিয়ে বেশি ভাবতে রাজি নই। তাই আমরা ইতিহাস নিয়েও ভাবছি না কিছুই। আমরা শুধু খেলার দিনে খেলাতেই ফোকাস করতে চাই।” ফতিমার কথায়, পাকিস্তানের সেই শক্তি আছে যে তারা ভারতকে হারাতে পারে। তিনি মনে করেন, “প্রত্যেকেই এই ম্যাচে নামার জন্য মুখিয়ে আছে।”