ভারত-অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগেই বোমা! ‘হ্যান্ডশেক’ বিতর্ক তুলে টিম ইন্ডিয়াকে খোঁচা অজি ক্রিকেটারদের, মুছে দেওয়া হলো ভিডিও

আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজ। এই সিরিজ শুরুর আগেই বিতর্কের জন্ম দিল অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান ক্রিকেটে চলতে থাকা ‘হ্যান্ডশেক’ বিতর্ককে হাতিয়ার করেই ভারতীয় ক্রিকেটারদের খোঁচা দেওয়া শুরু করলেন অজিরা।

কী ছিল বিতর্কিত ভিডিওতে?
কায়ো স্পোর্টসের (Kayo Sports) সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করা হয়েছিল। সেখানে দেখা যায়, অজি ক্রিকেটাররা ভারতীয় ক্রিকেট দলের ‘হ্যান্ডশেক ইস্যু’ নিয়ে ঠাট্টা করছেন।

ভিডিওতে সঞ্চালককে বলতে শোনা যায়, “আমরা জানি ভারত আমাদের দেশে খেলতে আসছে। তবে ওদের একটা দুর্বলতা আমরা আগেই ধরে ফেলেছি। আমরা জানি ওরা প্রথাগত অভিবাদন জানানো (হাত মেলানোয়) সমর্থক নয়। তাই বল করার আগেই আমরা ওদের ছুড়ে ফেলে দিতে পারি।”

ভিডিও ক্লিপে পুরুষ দলের জ্যাক ফ্রেজ়ার ম্যাকগার্ক হাত বাড়িয়ে দেন গ্লেন ম্যাক্সওয়েলের দিকে। কিন্তু ম্যাক্সওয়েল তা সরিয়ে দেন।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার এক মহিলা ক্রিকেটার নাকে হাত দিয়ে অদ্ভুত ভঙ্গি করেন এবং আর এক জন হাত দিয়ে অশ্লীল ইঙ্গিতও করেন।

উল্লেখ্য, কাশ্মীরে জঙ্গি হামলার পর এশিয়া কাপ ও মহিলা ওয়ান ডে বিশ্বকাপ—কোনও ইভেন্টেই ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের প্লেয়ারদের সঙ্গে হাত মেলাননি। এই ঘটনাকেই অজিরা কটাক্ষের বিষয় করে তোলে। যদিও বিতর্ক বাড়তেই কায়ো স্পোর্টসের তরফে সেই ভিডিও ক্লিপটি ডিলিট করে দেওয়া হয়েছিল।

শুভমন গিলের বার্তা ও অস্ট্রেলিয়া দলে চোটের আঘাত
এই সিরিজের আগে ভারতীয় দলে ফিরে এসেছেন বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। ওয়ান ডে দলের নতুন ক্যাপ্টেন শুভমন গিল (Shubman Gill) এই ইস্যুতে বলেন, “ওঁরা দুজনে দীর্ঘ সময় ধরে ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলেছেন। প্রচুর ম্যাচ জিতিয়েছেন ভারতের জার্সিতে। আমরা সবাই চাইব যে ওঁরা যেন খোলা মনে মাঠে নামতে পারে আর নিজেদের ম্যাজিক দেখাতে পারে অস্ট্রেলিয়ার মাটিতে।”

অন্যদিকে, সিরিজ শুরুর আগেই অস্ট্রেলিয়া শিবিরে চোট ও পারিবারিক কারণে বড় ধাক্কা লেগেছে। ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। মিচেল মার্শ নেতৃত্বভার সামলাবেন। উইকেট কিপার ব্যাটার জশ ইংলিশও ছিটকে গিয়েছেন এবং তারকা স্পিনার অ্যাডাম জাম্পা পারিবারিক কারণে প্রথম ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছেন।

বিতর্ক ও চোটের আবহে এই সিরিজ যে উত্তেজনাপূর্ণ হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy