বিরাট কোহলি ফুরিয়ে যাননি, বরং তিনি যেখানে শেষ করেন, বাকিরা সেখান থেকেই শুরু করার স্বপ্ন দেখে। টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর যখন সমালোচনার তির ধেয়ে আসছিল, ঠিক তখনই কেকেআরের বিরুদ্ধে ৬০ বলে ১০৫ রানের এক অপরাজিত মহাকাব্য লিখলেন ‘কিং কোহলি’। তাঁর এই রাজকীয় প্রত্যাবর্তনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শুধু কেকেআরকে ৬ উইকেটে হারালো না, পৌঁছে গেল আইপিএল পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে।
কিংবদন্তি সুনীল গাভাস্কার বিরাটের এই ইনিংস দেখে মুগ্ধ। তিনি স্পষ্ট জানালেন, লক্ষ্য তাড়া করতে বিরাটের জুড়ি মেলা ভার। গাভাস্কারের মতে, যখন সবাই ‘নতুন প্রজন্ম’ নিয়ে মাতামাতি করছে, তখন কোহলি প্রমাণ করে দিলেন যে ‘পুরানো চাল ভাতে বাড়ে’। আইপিএলে নবম সেঞ্চুরি হাঁকিয়ে বিরাট এখন টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ১৪ হাজার রানের মালিক। অরেঞ্জ ক্যাপের দৌড়েও তিনি চলে এলেন তিন নম্বরে। গাভাস্কারের মতে, কেকেআরের ক্যাচ মিসই ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল, যা শেষ পর্যন্ত কলকাতার কফিনে শেষ পেরেক পুঁতে দেয়।





