বিরাট বিস্ফোরণে ছারখার KKR! কোহলির নবম সেঞ্চুরিতে প্লে-অফ থেকে প্রায় ছিটকে গেলেন রাহানেরা

জিততেই হত এমন ম্যাচে ভরাডুবি হলো কলকাতা নাইট রাইডার্সের (KKR)। বুধবার রায়পুরের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) কাছে ৬ উইকেটে হেরে আইপিএল ২০২৬-এর প্লে-অফ যাত্রা অত্যন্ত কঠিন করে ফেলল অজিঙ্ক রাহানের দল। অন্যদিকে, কলকাতার ক্ষততে নুনের ছিটে দিয়ে আইপিএল কেরিয়ারের নবম সেঞ্চুরি পূর্ণ করলেন বিরাট কোহলি। এই জয়ের ফলে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের মগডালে উঠে এল বেঙ্গালুরু, সেই সঙ্গে নিশ্চিত করল শেষ চার। ৯ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানেই ধুঁকছে কেকেআর।
বৃষ্টির ভ্রুকুটি ও কলকাতার লড়াই:
প্রবল বৃষ্টির কারণে ম্যাচ নির্ধারিত সময়ের অনেক পরে, পৌনে ন’টা নাগাদ শুরু হয়। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও শুরুটা ভালো হয়নি নাইটদের। দুই ওপেনার অজিঙ্ক রাহানে (১৯) ও ফিন অ্যালেন (১৮) দ্রুত প্যাভিলিয়নে ফেরেন। ক্যামেরন গ্রিন ২৪ বলে ৩২ রান করে ভরসা দেওয়ার চেষ্টা করলেও মিডল অর্ডারে কলকাতাকে টানলেন তরুণ তুর্কি অঙ্গকৃষ রঘুবংশী। তাঁর ৪৬ বলে ঝোড়ো ৭১ রানের ইনিংস এবং শেষ দিকে রিঙ্কু সিংয়ের অপরাজিত ৪৯ রানের সৌজন্যে ৪ উইকেট হারিয়ে ১৯২ রান তোলে কেকেআর। আরসিবির হয়ে ভুবনেশ্বর কুমার একটি উইকেট নিয়ে বেগুনি টুপির দৌড়ে শীর্ষে উঠে এসেছেন।
বিরাটের প্রত্যাবর্তন ও ক্যাচ মিসের খেসারত:
১৯৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে আরসিবিও শুরুতে ধাক্কা খেয়েছিল। জেকব বেথেল (১৫), অধিনায়ক রজত পাতিদার (১১) এবং টিম ডেভিড (২) ব্যর্থ হন। মণীশ পান্ডের অবিশ্বাস্য ক্যাচে টিম ডেভিড ফিরলেও বিরাটের রুদ্রমূর্তি আটকাতে ব্যর্থ হন নাইট বোলাররা। গত দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়া বিরাটের জন্য এই ইনিংসটি ছিল কামব্যাকের লড়াই। ২১ রানের মাথায় বিরাটের সহজ ক্যাচ ফস্কান রোভম্যান পাওয়েল। জীবনদান পেয়ে আর পিছনে ফিরে তাকাননি বিরাট।
রেকর্ডের বন্যা:
৬০ বলে ১০৫ রানের এক অবিস্মরণীয় অপরাজিত ইনিংস খেললেন ‘চেজমাস্টার’। সাজানো ছিল ১১টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারিতে। এই ইনিংসের পথেই টি-টোয়েন্টি ক্রিকেটে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন কোহলি। ৪৭৭ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনে উঠে এলেন তিনি। শেষ পর্যন্ত ৫ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় আরসিবি। প্রিয় তারকার এমন ফর্মে উচ্ছ্বসিত সমর্থকরা এবার বিরাটের হাতে ট্রফি দেখার স্বপ্ন বুনছেন।