পাঞ্জাবের বিজয়রথ থামাল রাজস্থান! ২২২ রান তুলেও হার শ্রেয়সদের, আইপিএলে ফের ‘রান চেজ’ মহাকাব্য

আইপিএল ২০২৬-এর আসরে অবশেষে ভাঙল পাঞ্জাব কিংসের জয়ের সিলসিলা। টানা সাত ম্যাচ অপরাজিত থাকার পর অষ্টম ম্যাচে এসে হারের মুখ দেখল শ্রেয়স আইয়ারের দল। মঙ্গলবার রাতে ঘরের মাঠে ২২২ রানের পাহাড় গড়েও রাজস্থান রয়্যালসের ঝোড়ো ব্যাটিংয়ের সামনে আত্মসমর্পণ করতে হলো কিংসদের। ৪ বল বাকি থাকতেই লক্ষ্যভেদ করে লিগ টেবিলের তিনে উঠে এল রাজস্থান।

পাঞ্জাবের পাহাড়প্রমাণ স্কোর:
টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ওপেনার প্রভসিমরন সিংয়ের ৪৪ বলে ৫৯ এবং কুপার কনোলির ১৪ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস পাঞ্জাবকে বড় রানের দিশা দেখায়। তবে আসল ধামাকা দেখান মার্কাস স্টোইনিস। অজি অলরাউন্ডারের মাত্র ২২ বলে ৬২ রানের (৪টি চার ও ৬টি ছয়) অপরাজিত ইনিংসে ভর করে ৪ উইকেটে ২২২ রান তোলে পাঞ্জাব কিংস। রাজস্থানের বোলারদের মধ্যে নান্দ্রে বার্গার এক উইকেট পেলেও ৪ ওভারে খরচ করেন ৫৯ রান।

যশস্বীর শুরু, ফেরেইরার ফিনিশ:
২২৩ রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল রাজস্থান। ওপেনার যশস্বী জয়সওয়াল মাত্র ২৭ বলে ৫১ রান করে জয়ের ভিত গড়েন। খুদে প্রতিভা বৈভব ১৬ বলে ৪৩ রানের এক অবিশ্বাস্য ক্যামিও খেলেন। মাঝপথে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়লেও ডোনোভান ফেরেইরা ও শুভম দুবে জুটি ম্যাচ বের করে নেন। ২৬ বলে ৫২ রানে অপরাজিত থেকে ম্যাচের সেরা হন ফেরেইরা। শেষ ওভারের দ্বিতীয় বলে মার্কো জানসেনকে ছক্কা মেরে দলকে জেতান তিনি। রাজস্থান রয়্যালস ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এখন তিনে, অন্যদিকে হারলেও ৮ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল পাঞ্জাব।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy