‘ম্যাডাম, একবার ওপেন করতে দিন!’ প্রীতি জিন্টার কাছে চাহালের আজব আবদার, কী জবাব দিলেন মালকিন?

আইপিএলের মঞ্চে বল হাতে ভেলকি দেখানো তাঁর বাঁ হাতের খেল। কিন্তু এবার না কি ওপেনিং করতে নামবেন যুজবেন্দ্র চাহাল! পঞ্জাব কিংসের এই তারকা লেগস্পিনার তাঁর ফ্র্যাঞ্চাইজি মালকিন প্রীতি জিন্টার কাছে এমনই এক আজব আবদার করে বসেছেন। আর বলি সুন্দরীর উপস্থিত বুদ্ধিতে মাঠের আগেই সোশ্যাল মিডিয়ায় ‘বোল্ড’ হলেন চাহাল।
চাহালের আবদার ও প্রীতির গুগলনি:
চাহালকে আমরা সাধারণত বিপক্ষ ব্যাটারদের স্টাম্প ওড়াতে দেখি। কিন্তু এবার তাঁর ইচ্ছা ব্যাট হাতে ইনিংস শুরু করার। প্রীতি জিন্টাকে সরাসরি অনুরোধ জানিয়ে চাহাল বলেন, “ম্যাডাম, একটা ম্যাচের জন্য আমাকে দয়া করে ওপেনিং করার সুযোগ দিন।” দলের সেরা স্পিন অস্ত্রের এই মিষ্টি আবদার ফেরাতে পারেননি প্রীতি, তবে দিয়েছেন এক মোক্ষম শর্ত।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল উত্তর:
প্রীতি জিন্টা তাঁর সোশ্যাল মিডিয়ায় চাহালকে জবাব দিয়ে লেখেন, “আমি অবশ্যই তোমাকে সব (সুযোগ) দেব। তবে তার জন্য টুর্নামেন্ট শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।” প্রীতি আরও মজা করে বলেন, “আইপিএল শেষ হওয়ার পরে তুমি একটি ম্যাচে অবশ্যই ওপেনে নামতে পারো। আমার মনে হয় প্রভসিমরণ বা প্রিয়াংশু—কেউই এতে কিছু মনে করবে না।” অর্থাৎ টুর্নামেন্টের মাঝে কোনো ঝুঁকি না নিলেও, শেষে চাহালের শখ পূরণ করতে রাজি ‘বীর-জারা’র নায়িকা।
পয়েন্ট টেবিলে পঞ্জাবের দাপট:
মাঠের বাইরের এই খুনসুটির প্রভাব কিন্তু পারফরম্যান্সেও দেখা যাচ্ছে। চলতি আইপিএলে পঞ্জাব কিংস বর্তমানে পয়েন্ট টেবিলের মগডালে বসে আছে। চাহালও বল হাতে নিজের কাজটা ঠিকঠাক করছেন, তাঁর ঝুলিতে ইতিমধ্যেই রয়েছে ৪টি উইকেট। এখন দেখার, আইপিএল শেষে সত্যিই চাহালকে ওপেনার হিসেবে দেখা যায় কি না!