ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে ইনিংস ও ১৪০ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে ফুরফুরে মেজাজে রয়েছে টিম ইন্ডিয়া। আগামী ১০ অক্টোবর নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হতে চলেছে সিরিজের দ্বিতীয় টেস্ট। তার আগে ভারতীয় ক্রিকেটারদের জন্য এক বিশেষ আয়োজন করতে চলেছেন কোচ গৌতম গম্ভীর।
সূত্র মারফত জানা গিয়েছে, গম্ভীর তাঁর দিল্লির বাড়িতে ভারতীয় ক্রিকেটারদের নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন।
‘গার্ডেন পার্টি’র পরিকল্পনা
গৌতম গম্ভীর চাইছেন খোলা আকাশের নীচে গার্ডেন এরিয়ায় এই নৈশভোজের আয়োজন করতে। তবে এই মুহূর্তে বৃষ্টির পূর্বাভাস থাকায় বৃষ্টি হলে এই বিশেষ পরিকল্পনা বাতিল হতে পারে। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা ভারতীয় দল দ্বিতীয় টেস্টের আগে একটু হাল্কা মেজাজে থাকতে চাইছে।
প্রথম টেস্টে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচের সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছিলেন রবীন্দ্র জাদেজা। ব্যাট হাতে অপরাজিত ১০৪ রানের ইনিংস খেলার পাশাপাশি দ্বিতীয় ইনিংসে বল হাতে ৪টি উইকেটও তুলে নিয়েছিলেন তিনি। প্রথম টেস্টে কে এল রাহুল, ধ্রুব জুরেল ও রবীন্দ্র জাদেজা সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।
WTC পয়েন্ট টেবিলে কঠিন লড়াই ভারতের
ওয়েস্ট ইন্ডিজকে এত বড় ব্যবধানে হারিয়েও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) পয়েন্ট টেবিলে তিন নম্বরেই রয়েছে ভারত।
দল ম্যাচ জয় জয়ের শতকরা হার অবস্থান
অস্ট্রেলিয়া ৩ ৩ ১০০% ১
শ্রীলঙ্কা ২ ১ ৬৬.৬৭% ২
ভারত ৬ ৩ ৫৫.৫৬% ৩
ভারতের জয়ের শতকরা হার ৪৬.৬৭ থেকে বেড়ে ৫৫.৫৬ শতাংশ হয়েছে। কিউয়িদের বিরুদ্ধে গত বছর ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়ার পর এটি ছিল দেশের মাটিতে ভারতের প্রথম টেস্ট জয়। আগামী ১০ তারিখ থেকে শুরু দিল্লি টেস্ট জিতে সিরিজে ২-০ করার জন্য মরিয়া থাকবে গিল বাহিনী। সেক্ষেত্রে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও তারা আরও কিছুটা উপরে উঠে আসতে পারে।