রিংয়ের ভেতরে প্রতিপক্ষকে ঘায়েল করা মেরি কম এবার জীবনের কঠিন পিচে রক্ষণাত্মক মেজাজে। সম্প্রতি একটি টক শো-তে নিজের প্রাক্তন স্বামীকে নিয়ে করা এক মন্তব্য ঘিরে দেশজুড়ে সমালোচনার মুখে পড়েছেন এই কিংবদন্তি বক্সার। তাঁর অভিযোগ ছিল, তাঁর প্রাক্তন স্বামী ‘এক টাকাও উপার্জন করেননি’। এই একটি বাক্য ভাইরাল হতেই নেটিজেনদের একাংশ মেরিকে ‘অহঙ্কারী’ তকমা দিয়ে তুলোধনা শুরু করে। সোমবার সেই বিতর্কের জল আরও গড়াতেই নীরবতা ভেঙে নিজের অবস্থান স্পষ্ট করলেন ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন।
‘আপ কি আদালত’-এর একটি বিশেষ পর্বে মেরি তাঁর ব্যক্তিগত জীবনের টানাপোড়েন নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। সেখানেই তিনি জানান যে, তাঁর প্রাক্তন স্বামী দাবি করেছিলেন তিনি মেরির ক্যারিয়ারের জন্য নিজের ফুটবল ক্যারিয়ার বিসর্জন দিয়েছেন। এর পাল্টা দিতে গিয়েই মেরি বলে ফেলেন যে, তাঁর প্রাক্তন স্বামী আসলে কোনও উপার্জনই করতেন না। এই মন্তব্যকে অনেকেই ফুটবলারদের প্রতি অসম্মান হিসেবে দেখেছিলেন। আজ মেরি স্পষ্ট করেছেন, “আমার উদ্দেশ্য কোনওভাবেই ফুটবল সংস্কৃতি বা ফুটবলারদের খাটো করা ছিল না। আমি নিজেও ফুটবল ভালোবাসি। আমি শুধু আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলেছিলাম।”
নিজের ভাঙা বিয়ে নিয়ে মুখ খুলে মেরি বলেন, “আমাদের সম্পর্ক সবসময় খারাপ ছিল না। কিন্তু যখন বিশ্বাস ভেঙে যায়, তখন সব বদলে যায়। ২০২৫-এর এপ্রিলে বিচ্ছেদের পর অনেক প্রেস রিলিজ ছড়ানো হয়েছিল আমার বিরুদ্ধে, কিন্তু আমি মর্যাদার খাতিরে চুপ ছিলাম। ওইদিনের মন্তব্য ছিল দীর্ঘদিনের জমা ক্ষোভের বহিঃপ্রকাশ।” তিনি আরও যোগ করেন যে, সুনীল ছেত্রী বা বাইচুং ভুটিয়ার মতো কিংবদন্তিরা তাঁর কাছে অত্যন্ত শ্রদ্ধার। ফুটবল ছেড়ে দিল্লিতে আসার পরেই ওই ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল, তাই ক্যারিয়ার ত্যাগের দাবিটিও তাঁর কাছে ভিত্তিহীন মনে হয়েছে। এই মুহূর্তে ব্যক্তিগত জীবনের এই সংঘাত সামলে মেরি কম কীভাবে সাধারণ মানুষের সহানুভূতি ফিরে পান, সেটাই দেখার।