হার্দিক পান্ডিয়ার জীবনে নতুন ঝড়! মুম্বই বিমানবন্দরে মডেল-অভিনেত্রীর সঙ্গে ক্যামেরাবন্দি! কে এই মাহিকা শর্মা?

নাতাসা স্ট্যানকোভিচের সঙ্গে বিচ্ছেদ ঘোষণার এক বছরেরও বেশি সময় পর টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ব্যক্তিগত জীবন ফের শিরোনামে। এতদিন নিজের জীবন নিয়ে ভার্চুয়াল জগতে খোলামেলা হার্দিকের জীবনে নতুন কেউ এসেছেন, এমন জোরালো খবর ছিল না। তবে এবার এক মডেল-অভিনেত্রীর সঙ্গে মুম্বই বিমানবন্দরে ক্যামেরাবন্দি হলেন জাতীয় দলের এই ফ্ল্যামবয়েন্ট ক্রিকেটার। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই হার্দিকের নতুন সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে।

টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, শুক্রবার সকালে মডেল-অভিনেত্রী মাহিকা শর্মার (Mahika Sharma) সঙ্গে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছে পান্ডিয়াকে। পাপারাৎজ্জিদের সামনে পড়ে পান্ডিয়াকে কিছুটা অপ্রস্তুত মনে হলেও, মাহিকা পুরো বিষয়টি সামলে নেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও দেখে নেটিজেনরা প্রায় নিশ্চিত— যুগলে কোনও গন্তব্যে পাড়ি দিচ্ছেন।

কে এই মাহিকা শর্মা?
পান্ডিয়ার জীবনে হঠাৎ উদয় হওয়া এই তরুণীকে নিয়েই সবচেয়ে বেশি কৌতূহল অনুরাগীদের। মাহিকা শর্মা বর্তমানে একজন পেশাদার মডেল। তবে মডেলিংয়ে পা রাখার আগে তিনি অর্থনীতিতে উচ্চশিক্ষার ডিগ্রি অর্জন করেছেন।

জন্মসূত্রে দিল্লির এই মডেল র‍্যাম্পে হেঁটেছেন মণীশ মালহোত্রা, তরুণ তাহিলিয়ানি-সহ অন্যান্য খ্যাতিমান সব ডিজাইনারদের পোশাকে। বিভিন্ন শর্ট ফিল্ম এবং মিউজিক ভিডিওতেও কাজ করে কেরিয়ার প্রতিষ্ঠা করছেন তিনি। তাঁর সোশ্যাল মিডিয়া বায়ো অনুযায়ী, তিনি ইতিমধ্যে ‘আইএফএ মডেল অফ দ্য ইয়ার’ এবং ‘ইন্ডিয়া’স নেক্সট সুপারমডেল’ হিসেবে স্বীকৃতি পেয়েছেন। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা প্রায় ৫০ হাজারের কাছাকাছি, যা এই ঘটনার পর দ্রুত বাড়তে পারে।

তবে হার্দিক এবং মাহিকা এখনও তাঁদের সম্পর্ক নিয়ে মুখ না খোলায় নেটাগরিকরা ধোঁয়াশায় রয়েছেন। কবে এই সেলেব জুটি তাঁদের সম্পর্ককে স্বীকৃতি দেবেন, সেই অপেক্ষায় এখন অনুরাগীরা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy