সোনার সুদিন এল ক্রীড়াজগতে! কমনওয়েলথ শেষের পরেই পদকজয়ীদের জন্য কোটি টাকার পুরস্কার ঘোষণা কেন্দ্রের!

গতকালই জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নেমেছে কমনওয়েলথ গেমসের। চলতি আসরে ভারতের ক্রীড়াবিদরা দুর্দান্ত প্রদর্শন করে মোট ৩৯টি পদক নিজেদের ঝুলিতে পুড়েছেন এবং পদক তালিকার চতুর্থ স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেছেন। দেশের এই কৃতি অ্যাথলিটদের আরও বেশি করে উৎসাহ জোগাতে এবং তাদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে এবার বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। আন্তর্জাতিক ও জাতীয় স্তরের বিভিন্ন মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় পদকজয়ী খেলোয়াড়দের জন্য নগদ পুরস্কারের অর্থমূল্য একলাফে অনেকটাই বৃদ্ধি করা হয়েছে। নতুন এই নীতিতে অলিম্পিক, প্যারালিম্পিক, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, বিশ্ব চ্যাম্পিয়নশিপ, যুব প্রতিযোগিতা এবং প্যারা স্পোর্টস—সর্বত্রই পদকজয়ীদের জন্য নতুন ও আকর্ষণীয় পুরস্কারের তালিকা ঘোষণা করা হয়েছে।

কেন্দ্রীয় সরকারের নতুন নিয়ম অনুযায়ী, অলিম্পিক ও প্যারালিম্পিকের মতো বিশ্বমঞ্চে সোনা জয় করলে এখন থেকে ক্রীড়াবিদদের সরাসরি ১ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি, এই প্রতিযোগিতায় যারা রুপো জিতবেন, তাঁদের জন্য ৭৫ লক্ষ টাকা এবং ব্রোঞ্জজয়ীদের জন্য ৫০ লক্ষ টাকা নগদ পুরস্কার নির্ধারিত করা হয়েছে। অন্যদিকে, চার বছর অন্তর আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলে মিলবে ৮০ লক্ষ টাকা। এর সঙ্গেই প্রতি বছর অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জয় করলে পুরস্কারের পরিমাণ হবে ৫০ লক্ষ টাকা। এশিয়ান গেমসের ক্ষেত্রে সোনাজয়ীরা পাবেন ৫০ লক্ষ টাকা, রুপোজয়ীরা ৩০ লক্ষ টাকা এবং ব্রোঞ্জজয়ী অ্যাথলিটরা পাবেন ২৫ লক্ষ টাকা। সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমসের মতো প্রতিযোগিতায় সোনাজয়ীরা পাবেন ২৫ লক্ষ টাকা, রুপোজয়ীরা ১৫ লক্ষ টাকা এবং ব্রোঞ্জজয়ীরা পাবেন ১০ লক্ষ টাকা।

শুধু সিনিয়র ক্যাটেগরিই নয়, দেশের উদীয়মান ও তরুণ ক্রীড়াবিদদের ভবিষ্যৎ সুরক্ষিত করতেও বড় ঘোষণা করেছে কেন্দ্র। যুব অলিম্পিকে পদকজয়ী তরুণ প্রতিভারা ১৫ থেকে ২৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক পুরস্কার লাভ করবেন। এছাড়া যুব এশিয়ান গেমস এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসের পদকজয়ীদের জন্য সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করা হয়েছে। খেলাধুলার মানোন্নয়নে দাবির মতো মননশীল খেলায় আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করলে একলাফে ১ কোটি টাকা এবং আন্তর্জাতিক মাস্টার হলে ৭৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। সমাজের বিশেষ ক্ষমতা সম্পন্ন ক্রীড়াবিদদের উৎসাহিত করতে প্যারা স্পোর্টসকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে। প্যারালিম্পিক, প্যারা এশিয়ান গেমস এবং প্যারা কমনওয়েলথ গেমসের পদকজয়ীদের জন্য সরকারের পক্ষ থেকে বড় অঙ্কের আর্থিক পুরস্কার নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে দৃষ্টিহীন ও শ্রবণহীন প্রতিবন্ধী ক্রীড়াবিদদের সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিশেষ আর্থিক অনুদান দেবে কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের জোরালো দাবি, সরকারের এই সংশোধিত এবং উন্নত পুরস্কার নীতি দেশের আপামর ক্রীড়াবিদদের আরও বহুগুণ অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক ক্রীড়া মঞ্চে ভারতের সামগ্রিক সাফল্য ও পদক সংখ্যা বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর মাধ্যমে দেশের নতুন প্রজন্ম পড়াশোনার পাশাপাশি খেলাধুলার দিকে আরও বেশি করে ঝুঁকবে এবং বিশ্বমঞ্চে ভারতের তেরঙ্গা পতাকা সগর্বে ওড়াবে বলে তীব্র আশা প্রকাশ করেছে কেন্দ্রীয় মন্ত্রক।