এবার গ্যাস সিলিন্ডারও মিলবে অনলাইন অর্ডারে! ইন্সটামার্টের নতুন চমকে স্বস্তিতে গ্রাহকরা

অনলাইনে খাবার, জামাকাপড় বা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র অর্ডার করার অভ্যাস আমাদের অনেকেরই আছে। কিন্তু এবার সেই তালিকায় যুক্ত হলো রান্নার গ্যাসের সিলিন্ডারও। ভারতের কুইক কমার্স প্ল্যাটফর্মের জগতে এক যুগান্তকারী পরিবর্তন এনে, প্রথমবারের মতো এলপিজি সিলিন্ডারের অনলাইন-ডিমান্ড ডেলিভারি পরিষেবা চালু হলো। এখন থেকে সিলিন্ডার বুকিংয়ের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দ্রুত তা হাতে পাওয়ার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা।

গ্রাহকদের দোরগোড়ায় আরও স্মার্ট এবং দ্রুত পরিষেবা পৌঁছে দিতে জনপ্রিয় কুইক কমার্স প্ল্যাটফর্ম ‘ইন্সটামার্ট’ হিন্দুস্তান পেট্রোলিয়ামের (HPCL) সঙ্গে হাত মিলিয়েছে। ভারতে এই প্রথম কোনো কুইক কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে গ্যাস সিলিন্ডার ডেলিভারি শুরু হলো। প্রাথমিকভাবে এই পরিষেবাটি বেঙ্গালুরুতে চালু করা হয়েছে। তবে সংস্থা সূত্রে খবর, খুব দ্রুত দেশের অন্যান্য প্রান্তের শহরগুলোতেও এই পরিষেবা ছড়িয়ে দেওয়া হবে।

প্রাথমিক পর্যায়ে ইন্সটামার্টের মাধ্যমে ১০ কেজির এইচপিসিএল (HPCL) নব্য এলপিজি সিলিন্ডার এবং ৫ কেজির ছোট সিলিন্ডার অর্ডার করা যাচ্ছে। এইচপিসিএল-এর এই ‘নব্য এলপিজি’ সিলিন্ডারগুলো সাধারণ লোহার সিলিন্ডারের তুলনায় বেশ হালকা। এর বিশেষত্বের কথা বললে, এটি টেকসই ও মরচে-রোধক। সবচেয়ে বড় সুবিধা হলো, এর বডি আংশিক স্বচ্ছ হওয়ায় বাইরে থেকেই বোঝা যায় সিলিন্ডারের ভেতর কতটা গ্যাস অবশিষ্ট রয়েছে। মূলত ছোট পরিবার, অল্প সদস্যের পরিবার এবং ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই এই সিলিন্ডারগুলো ডিজাইন করা হয়েছে। তবে সংস্থার দাবি, খুব শীঘ্রই সাধারণ গৃহস্থালি কাজের জন্য ব্যবহৃত বড় সিলিন্ডারগুলোও এই অনলাইন ডেলিভারির আওতায় আনা হবে।

এই উদ্যোগ সম্পর্কে সংস্থার প্রতিনিধিরা জানিয়েছেন, মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে সহজ করা এবং সিলিন্ডার বুকিং ও রিফিল করার প্রক্রিয়াকে ঝঞ্ঝাটমুক্ত করাই তাদের প্রধান লক্ষ্য। নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিয়ে বলা হয়েছে, এই ডেলিভারির দায়িত্বে থাকবেন শুধুমাত্র প্রশিক্ষিত কর্মী এবং অনুমোদিত ডিস্ট্রিবিউটররাই। এর ফলে গ্রাহকরা ঘরে বসেই নিরাপদে ও দ্রুত গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন। সবমিলিয়ে, ডিজিটাল ভারতের পথে আরও এক ধাপ এগিয়ে এল সাধারণ মানুষের রান্নার গ্যাসের চাহিদাপূরণের এই অভিনব পরিষেবা।