আইপিএলের বাইশ গজে চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দ্বৈরথ মানেই টানটান উত্তেজনা। কিন্তু এবার সেই লড়াই মাঠের সীমানা ছাড়িয়ে পৌঁছে গেল আইনি আঙিনায়। ৫ এপ্রিলের ম্যাচে বেঙ্গালুরুর ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির আচরণের বিরুদ্ধে বিসিসিআই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সরব হয়েছে সিএসকে ম্যানেজমেন্ট। অভিযোগের তীর মূলত স্টেডিয়ামের পরিবেশ এবং তামিল ঐতিহ্যকে বিদ্রূপ করার দিকে।
একটি সর্বভারতীয় সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, ম্যাচের সময় স্টেডিয়ামে এমন কিছু গান বাজানো হয়েছে যা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি। গানা আপ্পুর তৈরি একটি বিশেষ গানে বারবার ‘ধোসা, ইডলি, সাম্বার, চাটনি’র উল্লেখ করা হয়েছে। সিএসকে-র দাবি, এই গানের মাধ্যমে তামিলনাড়ুর সংস্কৃতি ও ঐতিহ্যকে সরাসরি অপমান ও বিদ্রূপ করা হয়েছে। বিষয়টিকে কেবল বিনোদন হিসেবে দেখতে নারাজ চেন্নাই কর্তৃপক্ষ।
সিএসকে-র সিইও কাশি বিশ্বনাথ এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “ডিজে সাধারণত হোম টিমকে চিয়ার করার জন্য থাকে। কিন্তু চিন্নাস্বামীতে পরিস্থিতি ছিল একেবারেই ভিন্ন। আমাদের খেলোয়াড়দের লক্ষ্য করে কুরুচিকর মন্তব্য করা হয়েছে। আমরা বিসিসিআই-এর কাছে আবেদন করেছি বিষয়টি খতিয়ে দেখার জন্য।”
বিতর্কের সূত্রপাত গত বছর। সেই সময় আরসিবি একটি ভিডিও পোস্ট করেছিল যেখানে জিভেশ শর্মাকে (উইকেটকিপার) ওই একই বিতর্কিত গান গাইতে দেখা যায়। পাল্টা জবাবে চিপক স্টেডিয়ামে ফিরতি ম্যাচেও ডিজে সেই গান বাজায়। তবে সেই সময় সিএসকে ম্যানেজমেন্ট দ্রুত হস্তক্ষেপ করে এবং বিপক্ষ দল বা ভক্তদের বিদ্রূপ করতে নিষেধ করে গানটি বন্ধ করে দেয়। কিন্তু ৫ এপ্রিল বেঙ্গালুরুতে ফের সেই একই ঘটনা ঘটায় ক্ষুব্ধ হলুদ শিবির।
শুধু সংস্কৃতি বিদ্রূপ নয়, চেন্নাইয়ের অভিযোগ—সিএসকে প্লেয়াররা আউট হওয়ার পর ডিজে অত্যন্ত বিরূপ মন্তব্য করেছেন। একজন ডিজে-র কাজ দর্শকদের আনন্দ দেওয়া, বিপক্ষ দলকে অপমান করা নয়। উল্লেখ্য, ওই ম্যাচে আরসিবি ৪৩ রানে জয়ী হয়েছিল। তবে খেলার জয়-পরাজয় ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রে দুই দলের এই ‘অফ-ফিল্ড’ আইনি লড়াই।





