ফিটনেস নিয়ে জল্পনা উড়িয়ে দিলেন সামি! প্রত্যাবর্তনে আশাবাদী তারকা পেসার, কী বললেন বোর্ডের সিদ্ধান্ত নিয়ে?

বেশ কিছুদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন তারকা পেসার মহম্মদ সামি (Mohammed Shami)। চলতি মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবার ভারতের জার্সিতে দেখা গিয়েছিল তাঁকে। এরপর ফিটনেস সমস্যা ও পারফরম্যান্সের কারণে অস্ট্রেলিয়া সফরের একদিনের বা টি-২০ দলে সুযোগ পাননি। সামিকে বাদ দেওয়া নিয়ে যখন অনেকেই মনে করছেন তাঁর জন্য জাতীয় দলের দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে, ঠিক তখনই নীরবতা ভাঙলেন এই অভিজ্ঞ পেসার।

অনেক জল্পনা ও মিমের জবাবে সামি বলেন, “অনেক গুজব রটছে। মিমও ছড়িয়ে গিয়েছে। অস্ট্রেলিয়া সিরিজে বাদ পড়া নিয়ে লোকে আমার মতামত জানতে চায়। আমি শুধু বলতে চাই, দলে সুযোগ পাওয়া আমার হাতে নেই। এটা নির্বাচক কমিটি, কোচ এবং অধিনায়কের সিদ্ধান্ত।”

ফিটনেস প্রসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, “আমি তৈরি। নিয়মিত প্র্যাকটিস করছি। আমার ফিটনেস ভাল জায়গায় রয়েছে। দলীপ ট্রফিতে খেলেছি। আমি প্রায় ৩৫ ওভার বল করেছি। আমার কোনও ফিটনেস সমস্যা নেই।” তিনি জানান, দল যদি মনে করে তাঁকে দরকার, তবে তাঁকে নেওয়া হবে। আর যদি মনে করে আরও সময় দরকার, তবে সেটাও মেনে নেবেন তিনি।

অধিনায়ক বদল নিয়ে বোর্ডের পক্ষেই সামি
রোহিত শর্মাকে সরিয়ে শুভমন গিলকে একদিনের ক্রিকেটেও অধিনায়ক করা হয়েছে। বোর্ডের এই সিদ্ধান্তের পক্ষেই মত দিয়েছেন তারকা পেসার।

এই বিষয়ে সামি বলেন, “এই প্রসঙ্গে প্রচুর মিম ঘুরছে। আমার মনে হয়, কোনও বাধা থাকা উচিত না। এটা বিসিসিআই নির্বাচক এবং কোচের সিদ্ধান্ত। শুভমন ইংল্যান্ডে ভারতের অধিনায়ক ছিল, ও গুজরাট টাইটান্সেরও অধিনায়ক। তাই ওর অভিজ্ঞতা আছে।”

তিনি আরও বলেন, “কাউকে এই দায়িত্ব দিতেই হত। বিসিসিআই শুভমনকে বেছেছে। তাই আমাদের এটা মেনে নেওয়া উচিত। লোকের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়। এটা কারোর হাতে নেই। আজ কেউ অধিনায়ক, কাল অন্য কেউ হবে। এই সাইকেল চলতেই থাকবে।”

একটি সর্বভারতীয় সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, ৩৫ বছর বয়সী সামির সাম্প্রতিক ঘরোয়া ক্রিকেটে আহামরি পারফরম্যান্স না থাকায় এবং বয়স ৩৫ পেরিয়ে যাওয়ায় জাতীয় দলের দরজা তাঁর জন্য বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে সামি নিজে এখনও প্রত্যাবর্তনের বিষয়ে আশাবাদী।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy