দাবার দুনিয়ায় ভারতের জয়জয়কার! বিশ্বজয়ী দিব্যাকে হারিয়ে সিংহাসনে বৈশালী রমেশবাবু

ক্যান্ডিডেটস টুর্নামেন্টের নবম রাউন্ড শেষে দাবার বোর্ডে দাপট অব্যাহত ভারতীয় নারী শক্তির। সাইপ্রাসে আয়োজিত এই হাই-ভোল্টেজ টুর্নামেন্টে দুই ভারতীয় কন্যে দিব্যা দেশমুখ ও বৈশালী রমেশবাবুর লড়াই ছিল দেখার মতো। তবে শেষ হাসি হাসলেন চেন্নাইয়ের গ্র্যান্ডমাস্টার বৈশালী। বিশ্বচ্যাম্পিয়ন দিব্যাকে মাত্র ৩১ চালে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে এলেন তিনি।

বর্তমানে ৫.৫ পয়েন্ট নিয়ে চীনের জিনের ঝু-র সঙ্গে যৌথভাবে টেবিল-টপার বৈশালী। কালো ঘুঁটিতে খেলা দিব্যা গত রাউন্ডে আন্না মুজিচুককে হারালেও, এদিন বৈশালীর আগ্রাসী চালের সামনে তাঁর রক্ষণ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। তবে হারলেও লড়াই থেকে ছিটকে যাননি ২০ বছর বয়সি দিব্যা। অন্যদিকে, ইউক্রেনের আন্না মুজিচুক মাত্র ০.৫ পয়েন্টের ব্যবধানে দ্বিতীয় স্থানে থেকে বৈশালীকে কড়া টক্কর দিচ্ছেন।

তবে দিদি যখন সাফল্যের শিখরে, তখন ভাই রমেশবাবু প্রজ্ঞানন্দর জন্য দিনটি ছিল হতাশার। ওপেন ক্যাটেগরিতে চীনের ওয়েই জি-র বিরুদ্ধে ড্র করে খেতাবের দৌড় থেকে কার্যত ছিটকে গেলেন প্রজ্ঞানন্দ। ৪২তম চালে একটি ছোট ভুলেই পয়েন্ট ভাগ করতে হয় চেন্নাইয়ের এই তরুণ তুর্কিকে। বর্তমানে তাঁর ঝুলিতে মাত্র ৪ পয়েন্ট। এই ক্যাটেগরিতে ৭ পয়েন্ট নিয়ে ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছেন উজবেক গ্র্যান্ডমাস্টার জাভোখির সিন্দারভ। ভারতীয় দাবা প্রেমীদের নজর এখন শুধুই বৈশালীর দিকে, যিনি বিশ্বচ্যাম্পিয়নকে চ্যালেঞ্জ করার দৌড়ে অনেকটাই এগিয়ে গেলেন।