আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে কার্যত খড়কুটোর মতো উড়িয়ে দিল চেন্নাই সুপার কিংস। আর এই জয়ের নায়ক সেই ‘চেত্তা’ অর্থাৎ সঞ্জু স্যামসন। বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বইয়ের বোলারদের শাসন করে আইপিএল কেরিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নিলেন তিনি। তাঁর বিস্ফোরক ব্যাটিংয়ের সৌজন্যেই আইপিএল ইতিহাসে মুম্বইয়ের বিরুদ্ধে রেকর্ড জয় ছিনিয়ে নিল সিএসকে।
রেকর্ডের পাতায় সঞ্জু:
হলুদ জার্সিতে মাত্র সাতটি ম্যাচ খেলেই মরশুমের দ্বিতীয় শতরান পূর্ণ করলেন সঞ্জু। এর মাধ্যমে একাধিক নজির গড়েছেন তিনি:
সিএসকে-র প্রথম ব্যাটার হিসেবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সেঞ্চুরি করলেন তিনি। ভেঙে দিলেন রুতুরাজ গায়কোয়াড়ের ৮৮ রানের রেকর্ড।
আইপিএলে সর্বাধিক সেঞ্চুরির তালিকায় বর্তমানে ক্রিস গেইল (৬), জস বাটলার (৭) এবং বিরাট কোহলির (৮) ঠিক পরেই কেএল রাহুলের সাথে যুগ্ম চতুর্থ স্থানে উঠে এলেন সঞ্জু।
টি-২০ ক্রিকেটে ভারতীয় হিসেবে রোহিত শর্মাকে (৮টি সেঞ্চুরি) ছুঁয়ে ফেললেন তিনি। সামনে রয়েছেন শুধু বিরাট ও অভিষেক শর্মা (৯টি)।
ম্যাচের হালহকিকত:
সঞ্জুর ৫৪ বলে ১০১ রানের ইনিংসে ছিল ১০টি চার ও ৬টি ছক্কা। সিএসকে স্কোরবোর্ডে তোলে ২০৭ রান। জবাবে রান তাড়া করতে নেমে বাঁ-হাতি স্পিনার আকিল হোসেনের (১৭ রানে ৪ উইকেট) দাপটে মাত্র ১০৪ রানেই গুটিয়ে যায় হার্দিক পান্ডিয়ার মুম্বই। ১০৩ রানে জয় আইপিএলের ইতিহাসে মুম্বই ইন্ডিয়ান্সের সবচেয়ে বড় পরাজয়।





