টি-টোয়েন্টি ক্রিকেটে ক্রিস গেইলের ১৭৫ রানের সেই বিধ্বংসী রেকর্ড কি তবে এবার ভাঙতে চলেছে? ক্রিকেট বিশ্বের এই জল্পনার মাঝেই আত্মবিশ্বাসী উত্তর দিলেন উদীয়মান তারকা বৈভব সূর্যবংশী। কেভিন পিটারসেনের ইউটিউব চ্যানেল ‘দ্য সুইচ’-এ এক খোলামেলা আড্ডায় বৈভব স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি কেবল গেইলের রেকর্ড ভাঙতেই চান না, বরং টি-টোয়েন্টি ফরম্যাটে একটি ডাবল সেঞ্চুরি বা ২০০ রানের ইনিংস খেলার লক্ষ্য স্থির করেছেন।
পিটারসেনের সঙ্গে কথোপকথনে বৈভব বলেন, “যে ম্যাচে আমি পুরো ২০ ওভার উইকেটে টিকে থাকব, সেই ম্যাচেই গেইলের রেকর্ড ভেঙে ২০০ রান করব।” তাঁর এই আত্মবিশ্বাস অমূলক নয়। শো-র চলাকালীন পিটারসেন যখন তাঁকে ৫০ বলে ১০০ রান করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, তখন অবিশ্বাস্যভাবে মাত্র ২৫ বলেই সেঞ্চুরি করে সকলকে চমকে দেন বৈভব। তাঁর এই বিধ্বংসী ব্যাটিং শৈলী এখন ক্রিকেট প্রেমীদের মুখে মুখে। বৈভবের এই হুংকারের পর এখন ক্রিকেট মহলে প্রশ্ন একটাই— কবে আসছে সেই মাহেন্দ্রক্ষণ? গেইলের ১৭৫ রানের রেকর্ড কি তবে খুব শীঘ্রই অতীত হতে চলেছে? বৈভবের ব্যাটিংয়ের এই ফর্ম বজায় থাকলে তা অসম্ভব কিছু নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল।





