বিয়ের পরেই চরম প্রতারণা! ১০ লাখের যৌতুক না পেয়ে স্ত্রীকে ফেলে চম্পট দিল প্রেমিক

সোশ্যাল মিডিয়ার প্রেম গড়িয়েছিল বিয়ে পর্যন্ত, কিন্তু যৌতুকের ১০ লক্ষ টাকার দাবি মেটাতে না পারায় বিয়ের ২৪ ঘণ্টার মধ্যেই স্ত্রীকে ফেলে চম্পট দিল স্বামী। ঝাড়খণ্ডের কোডারমা জেলার সাতগাওয়ান থানা এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিযোগকারী তরুণীর দাবি, ইতাই গ্রামের বাসিন্দা রোশন কুমারের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তাঁর পরিচয় ও পরে প্রেম হয়। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রোশন তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। গত ২১ মে রোশন গোপনে তরুণীর বাড়িতে এলে গ্রামবাসী ও পরিবারের সদস্যরা তাঁদের হাতেনাতে ধরে ফেলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সবার উপস্থিতিতে ২২ মে গ্রামের এক মন্দিরে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।

কিন্তু বিয়ের রেশ কাটতে না কাটতেই নতুন মোড় নেয় ঘটনাটি। তরুণীর অভিযোগ, রোশনের পরিবার যৌতুক হিসেবে ১০ লক্ষ টাকা দাবি করে। এই টাকা না দিলে তাঁকে শ্বশুরবাড়িতে ঢুকতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়। চাপের মুখে তরুণী ও তাঁর পরিবার কিছু বুঝে ওঠার আগেই রোশন কোনো এক অছিলায় বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি। ফোন বন্ধ থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। নিরুপায় হয়ে তরুণী সাতগাওয়ান থানায় তাঁর স্বামী রোশন কুমারসহ শ্বশুরবাড়ির আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy