ভারতীয় ক্রিকেটের ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে এবার গুরুতর অভিযোগ তুললেন বাংলার প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। তাঁর দাবি, ভারতের হেড কোচ গৌতম গম্ভীর সিনিয়র ক্রিকেটার রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিনকে ধীরে ধীরে অবসর নিতে বাধ্য করছেন।
অশ্বিন বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীন অবসর নেন। এরপরেই ইংল্যান্ড সফরের ঠিক আগে টেস্ট ফরম্যাট থেকে অবসর নেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এবার অস্ট্রেলিয়া সফরের জন্য ওয়ানডে ফরম্যাটে ‘হিটম্যান’-এর হাত থেকে নেতৃত্বও কেড়ে নেওয়া হয়েছে।
“কোচের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে পারে বলেই বাদ”
একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে মনোজ তিওয়ারি বলেন, সিনিয়র ক্রিকেটারদের বাদ দেওয়ার পেছনে একটি সুচিন্তিত পরিকল্পনা রয়েছে:
“সিনিয়র প্লেয়াররা যদি থাকে, অশ্বিন থাকে, রোহিত থাকে, তাহলে তারা কোচের সিদ্ধান্ত পছন্দ না হলে প্রশ্ন করতে পারে। কারণ এরা হেডকোচ, অন্য স্টাফদের থেকে অনেক বেশি প্রতিষ্ঠিত। ফলে এটাই দেখতে হবে যে এই ক্রিকেটাররা যেন দলে না থাকে।”
মনোজ আরও বলেছেন, গৌতম গম্ভীর দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠছে, যা ভারতীয় ক্রিকেটের জন্য মোটেও ভালো নয়।
‘ভাবমূর্তি নষ্ট হলে অবসর নেবেন’
যদিও অস্ট্রেলিয়া সিরিজের ওয়ানডে দলে কোহলি ও রোহিত জায়গা পেয়েছেন, তবুও তাঁদের ভারতীয় দলে থাকার গ্যারান্টি নিয়ে প্রশ্ন তুলেছেন তিওয়ারি। তাঁর মতে, ক্রিকেটারদের ওপর ‘চাপের পরিস্থিতি তৈরি করা হয়েছে’।
মনোজ ব্যাখ্যা দিয়ে বলছেন, “এই ক্রিকেটাররা যদি মনে করে নিজেদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং তারা আর ড্রেসিং রুমে স্বাগত নয়, তাহলে তারা অবসরের ভাবনাচিন্তা করবে। ওরা খেলতে চায় বলেই মনে করি। সাদা বলের ফরম্যাটে এই দুই ক্রিকেটার এককথায় দুর্দান্ত।”
তিনি সতর্ক করে বলেন, ২০২৭ বিশ্বকাপের স্কিমে এই দুই তারকাকে যদি গম্ভীর না রাখেন, তাহলে তা ‘বিরাট বড় ভুল করবে’।
গাভাসকরের পরামর্শ
এই বিতর্কের মাঝেই কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর রোহিত শর্মা ও বিরাট কোহলির জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। তিনি বলেন:
“এই দু’জন বিজয় হাজারে ট্রফিতে খেলুক। যদি কোনও আন্তর্জাতিক ওয়ানডে টুর্নামেন্টের সঙ্গে সূচি না মেলে, তাহলে ওরা বিজয় হাজারে ট্রফিতেই খেলুক। এটাই একমাত্র উপায় নিজেকে ফিট রাখা ও ম্যাচ প্র্যাকটিসের জন্য।”