“ওকে খেলতে দেখা সত্যিই বিস্ময়কর!” হারের পর ১৫ বছরের সূর্যবংশীর প্রশংসায় পঞ্চমুখ হার্দিক

গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে বুধবার এক নতুন ইতিহাসের সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। মাত্র ১৫ বছর বয়সী বিস্ময়বালক বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে কার্যত অসহায় আত্মসমর্পণ করল মুম্বই ইন্ডিয়ান্স। জসপ্রীত বুমরাহ ও ট্রেন্ট বোল্টের মতো দাপুটে বোলারদের শাসন করে রাজস্থান রয়্যালসকে এই মরসুমের টানা তৃতীয় জয় এনে দিলেন বৈভব ও যশস্বী জয়সওয়াল।
বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে রান তাড়া করতে নেমে শুরু থেকেই তাণ্ডব শুরু করেন রাজস্থানের দুই ওপেনার। মাত্র ৪.৬ ওভারে স্কোরবোর্ডে ৮০ রান যোগ করেন তাঁরা। বিশেষ করে জসপ্রীত বুমরাহর প্রথম বলেই বৈভবের মারা বিশাল ছক্কাটি ছিল দেখার মতো। অভিজ্ঞ বোলাররা যখন দিশেহারা, তখন নিজের সহজাত আক্রমণাত্মক ভঙ্গিতে খেলে ম্যাচ ছিনিয়ে নেন বৈভব।
ম্যাচ শেষে মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া হারের গ্লানি ভুলে এই তরুণের প্রশংসায় মাতেন। হার্দিক বলেন, “১৬-১৭ বছরের (আদতে ১৫) এক কিশোরকে এভাবে নির্ভীকভাবে খেলতে দেখা সত্যিই অভাবনীয়। ওর আত্মবিশ্বাস ও শট নির্বাচন বিশ্বমানের।” তবে নিজের বোলারদের ওপর ক্ষোভ উগরে দিয়ে হার্দিক জানান, বোলিং ইউনিটের ব্যর্থতাই তাঁদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। মুম্বই ১১ ওভারে ১২৩ রান তুললেও, বৈভব-যশস্বী জুটির ঝোড়ো ব্যাটিংয়ের সামনে সেই রানও জয়ের জন্য যথেষ্ট ছিল না।