আলজেরিয়া বধের ছক কষছেন মেসি! অনুশীলন শেষে বেরিয়ে এল আর্জেন্টিনার রণকৌশল

বিশ্বকাপের মহাযজ্ঞ শুরুর প্রহর গুনছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাস সিটিতে আলজেরিয়ার বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে নামার আগে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিলেন লিওনেল মেসিরা। তবে আলজেরিয়া বধের আগে আর্জেন্টিনার রক্ষণভাগ নিয়ে তৈরি হয়েছে ধন্দ। প্রধান কোচ লিওনেল স্কালোনি শেষ অনুশীলনে একাধিক লাইনআপ যাচাই করে নিয়েছেন, যা ফুটবল বিশেষজ্ঞদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে।
অনুশীলন সেশনে স্কালোনি দুটি প্রধান ফরমেশন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছেন। প্রথমত, ৪-৪-২ ফরমেশনে গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি এবং লিসান্দ্রো মার্টিনেজকে রক্ষণভাগে দেখা গেছে। তবে বাঁ পায়ের কাফ ইনজুরির কারণে নিকোলাস তাগলিয়াফিকো ছিটকে যাওয়ায়, লিসান্দ্রো মার্টিনেজ বা ফাকুন্দো মেদিনার ওপর ভরসা রাখছেন কোচ। ডানদিকের রক্ষণভাগে নাহুয়েল মলিনা ও মন্তিয়েলের মধ্যে লড়াই চলছে।
অন্যদিকে, স্কালোনির অন্যতম পছন্দের ৩-৫-২ ফরমেশনও দেখা গেছে অনুশীলনে। সেখানে রোমেরো, ওতামেন্দি ও লিসান্দ্রোকে স্টপার হিসেবে রেখে অ্যাটাকিং উইং ব্যাক হিসেবে জিউলিয়ানো সিমিওনে এবং নিকোলাস গঞ্জালেসকে ব্যবহার করার পরিকল্পনা করেছেন তিনি। ম্যাচে পরিস্থিতির প্রয়োজনে স্কালোনি মাঝেমধ্যেই এই ফরমেশনে দল সাজান।
মাঝমাঠ এবং আক্রমণভাগের ছবিটা অবশ্য অনেকটাই পরিষ্কার। এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও রদ্রিগো দে পল মিডফিল্ডের দায়িত্ব সামলাবেন। ফরোয়ার্ড লাইনে লিওনেল মেসির পাশে লাউতারো মার্টিনেজকে শুরুর একাদশে প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। তবে জুলিয়ান আলভারেজ বাঁ পায়ের গোড়ালির লিগামেন্টের চোটের কারণে অনিশ্চিত হওয়ায় দলের আক্রমণভাগ কিছুটা হলেও চিন্তা বাড়াচ্ছে। সব মিলিয়ে, আলজেরিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনাকে আক্রমণাত্মক মেজাজেই দেখা যাবে বলে আশা করা হচ্ছে।
গোলপোস্টের নিচে যথারীতি ভরসা এমিলিয়ানো মার্টিনেজ। রক্ষণভাগে মলিনা, রোমেরো ও লিসান্দ্রোর উপস্থিতি প্রতিপক্ষের জন্য বড় বাধা হয়ে দাঁড়াবে। আলজেরিয়ার মতো শক্তিশালী ও লড়াকু দলের বিরুদ্ধে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করাই এখন মেসিদের মূল লক্ষ্য। তবে শেষ পর্যন্ত কোচ স্কালোনি কোন ফরমেশন বেছে নেন, সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন ফুটবলপ্রেমীরা।