‘বিগ বস বাংলা’র ঘরে পা রাখছেন সোনামণি, মনামী ও সৃজলা? মুম্বই যাত্রা ঘিরে টলিপাড়ায় শোরগোল!

আগামী ৩১ আগস্ট থেকেই পর্দা উঠতে চলেছে বহুল প্রতীক্ষিত রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’র নতুন সিজনের। আর এই শো-কে ঘিরে উন্মাদনা এখন তুঙ্গে, কারণ এবার এই মঞ্চে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে খোদ বাংলার ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়কে। এই শো-তে শেষ পর্যন্ত দুর্গ জয় করবে কে বা কোন কোন জনপ্রিয় তারকা প্রতিযোগী হিসেবে প্রবেশ করবেন, তা নিয়ে এখন থেকেই টলিপাড়ার অন্দরে শুরু হয়ে গেছে জোর জল্পনা।

সূত্রের খবর অনুযায়ী, এবারের সিজনে টলিপাড়ার তিন জনপ্রিয় নায়িকা—সোনামণি সাহা, মনামী ঘোষ এবং সৃজলা গুহর নাম উঠে আসছে সম্ভাব্য প্রতিযোগীদের তালিকায়। আর এই জল্পনাকে আরও উসকে দিয়েছে তাঁদের সাম্প্রতিক কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট। সম্প্রতি অভিনেত্রী সোনামণি সাহা বিমানবন্দর থেকে বেশ কয়েকটি ছবি শেয়ার করে জানান যে তিনি কিছুদিনের জন্য শহর ছাড়ছেন। অন্যদিকে, অভিনেত্রী মনামী ঘোষকে মুম্বইয়ের বিখ্যাত সিদ্ধিদাতী সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিতে দেখা যাওয়ার পর থেকেই ভক্তদের মনে কৌতূহল দ্বিগুণ হয়েছে। এই তিন অভিনেত্রীর হঠাৎ মুম্বই পাড়ি দেওয়া ঘিরেই এখন নেটদুনিয়ায় চলছে নানা হিসাব-নিকাশ।

শুধু এই তিন নায়িকাই নন, প্রতিযোগীদের তালিকায় নাম শোনা যাচ্ছে সায়ক চক্রবর্তী এবং ঝিলাম গুপ্তর মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদেরও। এমনকি চর্চায় রয়েছে যশ দাশগুপ্ত ও নুসরত জাহানের নামও। যদিও চ্যানেল বা নির্মাতাদের পক্ষ থেকে চূড়ান্ত প্রতিযোগীদের তালিকা নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি।

এদিকে, প্রতিযোগীদের নানা দ্বন্দ্ব ও বিতর্ক সৌরভ গঙ্গোপাধ্যায় কীভাবে সামলাবেন, তা নিয়ে কৌতূহলী অনুরাগীরা। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গে ‘দাদা’ আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছিলেন, “এত বছর ধরে মাঠে বিভিন্ন ধরনের মানুষকে সামলেছি। তাদের অভিযোগ, মনোমালিন্য সবকিছুই দেখেছি‌। নিজের মতো করে এতদিন সামলে নিয়েছি। এবারও নিজের উপর বিশ্বাস আছে। আমার কাছে এই শো-টা ঝগড়ার জায়গা নয়, তবে কারওর আচরণের উপর তো নিয়ন্ত্রণ থাকবে না। বাকিটা বিগ বসের ঘরে দেখা যাবে।” সব মিলিয়ে, সৌরভের ম্যাজিক আর টলিপাড়ার তারকাদের অন্দরের লড়াই দেখার জন্য এখন থেকেই দিন গুনছেন দর্শকরা।