চেন্নাই সুপার কিংসের মায়া কাটিয়ে এবার নিজের পুরনো ডেরা রাজস্থান রয়্যালসে ফিরেছেন রবীন্দ্র জাদেজা। আর প্রত্যাবর্তনের মরশুমেই এক অনন্য রেকর্ডের দোরগোড়ায় দাঁড়িয়ে এই তারকা অলরাউন্ডার। মঙ্গলবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামলেই এক নতুন ইতিহাস লিখতে পারেন ‘স্যার জাড্ডু’।
এই ম্যাচে ব্যাট হাতে মাত্র ৮ রান করতে পারলেই টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০০ রানের মাইলফলক পূর্ণ করবেন জাদেজা। আর এই রান পূর্ণ করার সঙ্গে সঙ্গেই তিনি নাম লেখাবেন হার্দিক পাণ্ডিয়ার বিশেষ ক্লাবে। জাদেজা হবেন দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার, যার ঝুলিতে টি-টোয়েন্টি ফরম্যাটে ৪০০০-এর বেশি রান এবং ২০০-র বেশি উইকেট রয়েছে। পরিসংখ্যান বলছে, ২৫৩ ইনিংসে ৩৯৯২ রান করার পাশাপাশি ৩১৬ ইনিংসে ২৩৭টি উইকেট নিয়েছেন তিনি।
শুধু তাই নয়, বল হাতেও এদিন বড় সুযোগ রয়েছে জাদেজার সামনে। আইপিএলের ইতিহাসে বর্তমানে ১৭২টি উইকেট নিয়ে তিনি অষ্টম স্থানে রয়েছেন। আর মাত্র ৩টি উইকেট নিতে পারলেই তিনি অভিজ্ঞ লেগ-স্পিনার অমিত মিশ্রকে (১৭৪ উইকেট) টপকে যাবেন। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে গত ম্যাচে উইকেটশূন্য থাকলেও, মঙ্গলবার মুম্বইয়ের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে ব্যাটে-বলে নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন রাজস্থান রয়্যালসের এই অভিজ্ঞ সেনানি।





