‘কুসুম’ ধারাবাহিকের সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! জখম হয়ে হাসপাতালে জনপ্রিয় নায়িকা

টলিপাড়ার জনপ্রিয় ধারাবাহিক ‘কুসুম’-এর সেটে বড়সড় দুর্ঘটনার খবর নিয়ে গত কয়েক দিন ধরেই চলছিল জোর চর্চা। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র তানিষ্কা তিওয়ারি। মঙ্গলবার টেকনিশিয়ান্স স্টুডিয়োয় কর্মবিরতি চলাকালীন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান এই খুদে অভিনেত্রী।
তানিষ্কা জানান, শুটিং চলাকালীন একটি আগুনের দৃশ্য ছিল। সেখানে আগুনের তাপে তাঁর হাতের মেটালের (ধাতব) চুড়ি এতটাই গরম হয়ে যায় যে, তা চামড়ার সঙ্গে আটকে বসে যায়। ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন তিনি। তানিষ্কা বলেন, “খুব ভয় পেয়ে গিয়েছিলাম। হাসপাতালে গিয়ে ট্রিটমেন্টও করাতে হয়েছে। তবে হাত-মুখ পুড়ে যাওয়ার খবরটি পুরোপুরি ঠিক নয়, হাতে ছ্যাঁকা লেগেছিল।”
সোশ্যাল মিডিয়ায় নায়িকার এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই টলিপাড়ার কলাকুশলীদের সুরক্ষা প্রোটোকল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে তানিষ্কা জানিয়েছেন, সেই কঠিন সময়ে প্রযোজনা সংস্থা এবং চ্যানেলের প্রতিনিধিরা তাঁর পাশে দাঁড়িয়েছেন। সম্প্রতি পরীক্ষাও দিয়েছেন তিনি। বড় চোট এড়িয়ে তানিষ্কা এখন কাজে ফিরলেও, সেটে জীবনের ঝুঁকি নিয়ে শুটিং করার এই ঘটনা দর্শকদের ভাবিয়ে তুলেছে।