আফগানিস্তানের ঐতিহাসিক জয়, ওয়ান-ডে-তে দ্রুততম স্পিনার হিসেবে রেকর্ড গড়লেন রশিদ খান

সাদা-বলের ক্রিকেটে আফগানিস্তানের অন্যতম সেরা প্রতিভা, টি-২০ অধিনায়ক রশিদ খান আরও একটি ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করলেন। বুধবার বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান-ডে সিরিজের প্রথম ম্যাচে তিনি প্রথম আফগান বোলার হিসেবে তো বটেই, বিশ্বের দ্বিতীয় দ্রুততম (ইনিংসের নিরিখে) স্পিনার হিসেবে ওয়ান-ডে ক্রিকেটে ২০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করলেন। পাক কিংবদন্তি সাকলিন মুস্তাকের পর দ্বিতীয় দ্রুততম স্পিনার হিসেবে এই নজির গড়লেন এই লেগস্পিনার।

রশিদের মাইলস্টোন স্পর্শ করার দিনে আবুধাবিতে বাংলাদেশকে পাঁচ উইকেটে হারিয়ে ওয়ান-ডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আফগানিস্তান।

ব্রেট লি-কে পিছনে ফেলে তালিকার পঞ্চমে রশিদ
সার্বিকভাবে দ্রুততম বোলারদের তালিকায় রশিদ খান পঞ্চম দ্রুততম হিসেবে ২০০ ওয়ান-ডে উইকেটের মাইলফলক স্পর্শ করলেন। এই নজির গড়তে তিনি নিলেন ১০৭ ইনিংস।

দ্রুততম হিসেবে এই ক্লাবে ঢোকার রেকর্ড এখনও রয়েছে প্রাক্তন পাক স্পিনার সাকলাইন মুস্তাকের ঝুলিতে, যিনি ১০১ ইনিংসে এই রেকর্ড গড়েছিলেন। এই তালিকার প্রথম চারে রয়েছেন সাকলিন মুস্তাক (১০১ ইনিংস), মিচেল স্টার্ক (১০২ ইনিংস), মহম্মদ শামি (১০৩ ইনিংস) এবং ট্রেন্ট বোল্ট (১০৬ ইনিংস)।

রশিদ খান এদিন অস্ট্রেলিয়ান গ্রেট ব্রেট লি-কেও পিছনে ফেললেন। ব্রেট লি ২০০ উইকেটের মাইলস্টোন ছুঁতে ১০৯ ইনিংস নিয়েছিলেন, যেখানে আফগান স্পিনার নিলেন দুটি ইনিংস কম।

বাংলাদেশের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং
বাংলাদেশের বিরুদ্ধে এদিন রশিদ খান ১০ ওভার হাত ঘুরিয়ে ৩৮ রানে তিন উইকেট নেন। ৬০ রানে মেহিদি হাসান মিরাজকে আউট করার সঙ্গেই মাইলস্টোন স্পর্শ করেন তিনি। এরপর তার বাকি দুই শিকার হলেন জাকের আলি এবং নুরুল হাসান।

প্রথমে ব্যাট করে মেহিদি হাসানের ৬০ এবং তৌহিদ হৃদয়ের ৫৬ রানের সৌজন্যে বাংলাদেশ ২২১ রানে অলআউট হয়ে যায়। জবাবে রহমানুল্লাহ গুরবাজ এবং রহমত শাহ—উভয়ের ৫০ রানের ইনিংসের সাহায্যে আফগানিস্তান ১৭ বল বাকি থাকতে পাঁচ উইকেটে ম্যাচ জিতে নেয়। অধিনায়ক হাসমাতুল্লাহ শাহিদি ৩৩ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy