২০২৬ বিধানসভা নির্বাচনের সবথেকে হাইভোল্টেজ কেন্দ্র এখন দক্ষিণ কলকাতার ভবানীপুর। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর শক্তি প্রদর্শনের পর এবার পাল্টা চাল দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নদিয়ার বেথুয়াডহরির সভা থেকে সরাসরি শুভেন্দুর মনোনয়ন মিছিলকে কটাক্ষ করে নিজের নমিনেশন পেশের দিনক্ষণ ঘোষণা করলেন তৃণমূল নেত্রী।
“৫০০ টাকার লোক ভাড়া করেছে বিজেপি”: গত বৃহস্পতিবার অমিত শাহকে পাশে নিয়ে শুভেন্দু অধিকারীর মেগা মিছিলে সরগরম হয়েছিল ভবানীপুর। সেই ভিড়কে কার্যত নস্যাৎ করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দাবি করেন, শুভেন্দুর মিছিলে ভবানীপুরের মানুষের ভিড় ছিল না। তাঁর কথায়:
“ওরা ৫০০ টাকা করে লোক ভাড়া করে গেরুয়া কাপড় পরিয়ে নিয়ে এসেছে। কাঁথি, পটাশপুর, এগরা থেকে বাস ভর্তি করে লোক আনা হয়েছে। ভবানীপুরের আসল লোক ছিল মাত্র ১৬ জন!”
শুভেন্দুকে পাল্টা চ্যালেঞ্জ: বিজেপি দাবি করেছিল, ভবানীপুরে এবার পরিবর্তনের হওয়া বইছে। শুভেন্দুর মনোনয়ন ঘিরে ঢাকঢোল আর গেরুয়া পতাকায় মোড়া সেই মিছিলকে ‘রাজনৈতিক সৌজন্যহীন’ বলে তোপ দাগেন মমতা। তিনি স্পষ্ট করে দেন, বহিরাগতদের নিয়ে এসে ভবানীপুর দখল করা সম্ভব নয়।
৮ তারিখেই মহামিছিল মমতার: শুভেন্দুর পাল্টা হিসেবে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে, আগামী ৮ এপ্রিল তিনি ভবানীপুর কেন্দ্রে নিজের মনোনয়ন পত্র জমা দেবেন। তৃণমূল শিবির সূত্রে খবর, ওই দিন ভবানীপুরের অলিগলিতে বিশাল পদযাত্রা এবং শক্তি প্রদর্শনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণায় স্পষ্ট যে, ঘরের মাঠে এক ইঞ্চি জমিও তিনি বিজেপিকে ছাড়তে নারাজ।
শুভেন্দু বনাম মমতা— মেগা লড়াইয়ের এই আবহে ৮ তারিখের মনোনয়ন ঘিরে এখন তিলোত্তমায় উত্তেজনার পারদ তুঙ্গে। কার পাল্লা ভারী, তা নির্ধারণ করবে ভবানীপুরের ব্যালট বাক্স।





