হাত বাড়ালেই গঙ্গা, আর এক ফালি বারান্দায় দাঁড়ালেই চোখে পড়বে নীল জলরাশি। প্রকৃতির কোলে এমন এক স্বপ্নবিলাসী জীবন এবার বাস্তব হতে চলেছে হাওড়ার শালিমারে। প্রখ্যাত আবাসন নির্মাতা সংস্থা ‘ইডেন রিয়্যালিটি গ্রুপ’ তাদের মেগা প্রজেক্ট ‘ইডেন দেবপ্রয়াগ’-এর আনুষ্ঠানিক মডেল প্রকাশ করল। রবিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরা হয়। গঙ্গার পাড়ে আভিজাত্য এবং আধুনিকতার এক মেলবন্ধন হতে চলেছে এই আবাসন।
প্রায় সাড়ে ৪ একর বিশাল জমির ওপর গড়ে উঠছে এই বিলাসবহুল আবাসনটি। মোট ৫টি সুউচ্চ টাওয়ার নিয়ে গঠিত এই প্রজেক্টে ফ্ল্যাটের সংখ্যা প্রায় এক হাজারের কাছাকাছি। শুধু ফ্ল্যাটই নয়, যারা একটু নির্জনতা ও আভিজাত্য পছন্দ করেন, তাঁদের জন্য থাকছে প্রিমিয়াম বাংলোর ব্যবস্থাও। তবে এই প্রকল্পের সবথেকে বড় আকর্ষণ হলো এর সংলগ্ন একটি পাঁচতারা হোটেল এবং বেনারসের ঘাটগুলোর আদলে তৈরি নিজস্ব গঙ্গার ঘাট। আবাসন চত্বরেই গঙ্গার পবিত্রতা আর স্নিগ্ধতা অনুভব করতে পারবেন বাসিন্দারা।
এদিন ইডেন রিয়্যালিটি গ্রুপের পক্ষ থেকে একটি বিশেষ এআই (AI) ভিডিও প্রকাশ করা হয়। বাস্তবে আবাসনটি ঠিক কেমন দেখতে হবে এবং তার পারিপার্শ্বিক পরিবেশ কতটা নান্দনিক হবে, তা এই ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। ভিডিওটি প্রকাশ্যে আসতেই লগ্নিকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। শালিমারের মতো একটি ক্রমবর্ধমান এলাকায় এই ধরণের আন্তর্জাতিক মানের আবাসন প্রকল্পের ফলে হাওড়ার রিয়েল এস্টেট ব্যবসায় এক নতুন জোয়ার আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আধুনিক সব সুযোগ-সুবিধায় ঠাসা ‘ইডেন দেবপ্রয়াগ’ মধ্যবিত্ত ও উচ্চবিত্ত উভয় শ্রেণির মানুষেরই পছন্দের তালিকায় শীর্ষে থাকবে বলে আশা করা হচ্ছে।





