বক্স অফিসের অশ্বমেধের ঘোড়া বোধহয় একেই বলে! মুক্তির ৫০ দিন পেরিয়ে গেলেও প্রেক্ষাগৃহে ‘ধুরন্ধর ২’-এর দাপট কমার বদলে উল্টে বেড়েই চলেছে। আদিত্য ধর পরিচালিত এই ছবিটি অষ্টম সপ্তাহান্তেও যে ব্যবসার পরিসংখ্যান পেশ করেছে, তা দেখে তাবড় তাবড় ট্রেড অ্যানালিস্টদেরও চক্ষু চড়কগাছ। ভারতীয় সিনেমার ইতিহাসে এটি অন্যতম বড় গ্লোবাল হিট হিসেবে ইতিমধ্যেই নিজের নাম খোদাই করে নিয়েছে।
পরিসংখ্যান বলছে, মুক্তির ৫৩তম দিনে এসেও ছবিটির কালেকশন ছিল ১.১০ কোটি টাকা। উল্লেখ্য, এই আয় শনিবারের ০.৯০ কোটি টাকার চেয়েও বেশি। অর্থাৎ অষ্টম সপ্তাহে দাঁড়িয়েও ছবিটির জনপ্রিয়তা উর্ধ্বমুখী। ভারতে এই ছবির নেট কালেকশন বর্তমানে ১,১৪৩.০৯ কোটি টাকা এবং গ্রস কালেকশন দাঁড়িয়েছে ১,৩৬৮.১০ কোটি টাকায়। আন্তর্জাতিক বাজারেও ‘ধুরন্ধর ২’ অভাবনীয় সাফল্য পেয়েছে। বিদেশে ছবিটির মোট আয় ৪২৬.৫৫ কোটি টাকা। সব মিলিয়ে বিশ্বজুড়ে এই মেগা মুভির গ্রস কালেকশন দাঁড়িয়েছে ১,৭৯৪.৬৫ কোটি টাকা। মাত্র কয়েক কদম দূরেই রয়েছে ১,৭৯৫ কোটির মাইলফলক।
ছবির সপ্তাহভিত্তিক আয়ের গ্রাফ লক্ষ্য করলে দেখা যায়, প্রথম সপ্তাহে এটি ৬৭৪.১৭ কোটি টাকার ব্যবসা করেছিল। এরপর দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে যথাক্রমে ২৬৩.৬৫ কোটি ও ১১০.৬০ কোটি টাকার ব্যবসা করে ছবিটি। সপ্তম সপ্তাহেও যেখানে ৫.৫৮ কোটি টাকা আয় করেছে এই ছবি, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।
তবে প্রেক্ষাগৃহে এই রাজকীয় দৌড়ের মাঝেই দর্শকদের নজর এখন ডিজিটাল স্ক্রিনের দিকে। ওটিটি (OTT) প্ল্যাটফর্মে ছবিটি কবে আসবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ২০২৬ সালের ১৪ মে ওটিটি প্ল্যাটফর্মে প্রিমিয়ার হতে পারে ‘ধুরন্ধর ২’। এরই মাঝে সহ-প্রযোজক জ্যোতি দেশপান্ডে একটি বড় ইঙ্গিত দিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা উসকে দিয়েছেন। তিনি জানিয়েছেন যে, এই ফ্র্যাঞ্চাইজি এখানেই শেষ হচ্ছে না। তাঁর এই মন্তব্যের পর থেকেই ভক্তদের মধ্যে ‘ধুরন্ধর ৩’ নিয়ে উন্মাদনা কয়েক গুণ বেড়ে গিয়েছে। এখন দেখার, প্রেক্ষাগৃহের এই জয়যাত্রা ওটিটি প্ল্যাটফর্মেও অব্যাহত থাকে কি না।





