স্টেশন পরিষ্কারে অবিশ্বাস্য ‘৩০ মিনিটের ফর্মুলা’! যাত্রীদের হাতেই ক্ষমতা দিল পূর্ব রেল

গত কয়েকদিন ধরে রেলের একটি পোস্ট ঘিরে সমাজমাধ্যমে রহস্য দানা বেঁধেছিল। সময়সীমা দেওয়া হয়েছিল মাত্র ‘৩০ মিনিট’। সেই রহস্যের জমানো ধোঁয়াশা পরিষ্কার করে এবার বড় ঘোষণা করল পূর্ব রেল কর্তৃপক্ষ। স্টেশন চত্বরকে ঝকঝকে তকতকে রাখতে সম্পূর্ণ নতুন এক ‘র‍্যাপিড রেসপন্স’ ক্লিনলিনেস ইনিশিয়েটিভ বা দ্রুত পরিচ্ছন্নতা অভিযান শুরু করল রেল, যার নাম দেওয়া হয়েছে ‘#ERChallenge’

পূর্ব রেলের এই নতুন উদ্যোগের মূল লক্ষ্য হলো স্টেশন চত্বরের অস্বাস্থ্যকর পরিবেশ বা যত্রতত্র পড়ে থাকা আবর্জনা নিমেষে সাফ করা। রেলের তরফে জানানো হয়েছে, এবার থেকে স্টেশনে কোথাও নোংরা বা আবর্জনা নজরে এলে যাত্রীরা সরাসরি অভিযোগ জানাতে পারবেন। আর সেই অভিযোগ পাওয়ার ঠিক ৩০ মিনিটের মধ্যেই সাফাই কর্মীরা পৌঁছে যাবেন নির্দিষ্ট স্থানে।

কীভাবে কাজ করবে এই সিস্টেম? রেল কর্তৃপক্ষের তরফে স্পষ্ট জানানো হয়েছে, বিষয়টি অত্যন্ত সহজ এবং প্রযুক্তি নির্ভর।

  • প্রথমে যে জায়গায় নোংরা রয়েছে, সেটির একটি পরিষ্কার ছবি তুলতে হবে (অবশ্যই জিওট্যাগসহ)।

  • এরপর ওই ছবি সংশ্লিষ্ট ডিভিশনকে ট্যাগ করে পাঠাতে হবে।

  • অভিযোগ জানানোর জন্য ব্যবহার করা যাবে QR কোড, পূর্ব রেলের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল (ফেসবুক ও টুইটার) অথবা RailMadad প্ল্যাটফর্ম।

জনগণের অংশগ্রহণই মূল চাবিকাঠি পূর্ব রেলের এই অভিযানের মূল স্লোগান হলো— ‘Spot It. Report It. We’re On It.’। রেল আধিকারিকদের দাবি, পরিচ্ছন্নতা বজায় রাখা কেবল কর্তৃপক্ষের একার দায়িত্ব নয়; সাধারণ যাত্রীদের সক্রিয় সহযোগিতা ছাড়া স্টেশন পরিষ্কার রাখা সম্ভব নয়। মূলত যাত্রীদের সচেতনতা বাড়াতেই এই ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করেছে পূর্ব রেল।

এখন দেখার, রেলের এই ‘৩০ মিনিটের গ্যারান্টি’ কতটা কার্যকর হয়। তবে কর্তৃপক্ষের এই আধুনিক ও দ্রুত পদক্ষেপকে স্বাগত জানাচ্ছেন নিত্যযাত্রীরা। পার্ক সার্কাস থেকে শিয়ালদা— সর্বত্রই পরিচ্ছন্নতার এই নতুন জোয়ারে আমূল বদল আসবে বলেই মনে করা হচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy