ষাট বছরের শিক্ষিকা আর ২৬-এর ছাত্র! ডায়াপার বদলানোর প্রতিশ্রুতি দিয়ে মন জিতলেন যুবক

বলা হয়ে থাকে, ভালোবাসা কোনো ব্যাকরণ বা বয়সের সীমানা মানে না। জাপানের ইবারাকি প্রিফেকচারের এক ৬০ বছর বয়সী বৃদ্ধা এবং তাঁর চেয়ে ৩৪ বছরের ছোট এক যুবকের প্রেমকাহিনি আজ সেই প্রবাদকেই নতুন করে প্রমাণ করল। তিনটি ব্যর্থ বিবাহ এবং দীর্ঘ দুই দশকের একাকীত্বের পর, এই নারী খুঁজে পেয়েছেন তাঁর জীবনের প্রকৃত সঙ্গী, তাও আবার নিজেরই এক ছাত্রের মধ্যে।

পূর্ব জাপানের এই মহিলা মূলত জাপানের ঐতিহ্যবাহী মঞ্চ নৃত্যশৈলী ‘তাইশু এঙ্গেকি’-এর একজন প্রথিতযশা প্রশিক্ষক। মায়ের শুরু করা ‘সুবাকি’ নাট্যদলটি তিনি দীর্ঘদিন ধরে পরিচালনা করছেন। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, মঞ্চে তিনি আকাশচুম্বী সাফল্য পেলেও ব্যক্তিগত জীবন ছিল বিষণ্ণতায় ঘেরা। ২০ বছর একা কাটানোর পর তিনি ধরে নিয়েছিলেন যে, প্রেম আর তাঁর জীবনে ফিরবে না।

শিষ্য থেকে জীবনসঙ্গী: এক রূপকথার শুরু
গল্পের মোড় ঘোরে যখন ২৬ বছর বয়সী এক যুবক ওই নাট্যদলে যোগ দিতে আসে। শৈশব থেকেই জাপানি শিল্পের প্রতি অনুরাগী হলেও পারিবারিক কারণে সে সুযোগ পাচ্ছিল না। সুবাকি দলে যোগ দেওয়ার পর তাঁদের সম্পর্ক শুরু হয় গুরু-শিষ্যের হিসেবে। কিন্তু শীঘ্রই মঞ্চের অভিনয় বাস্তবে রূপ নেয়। মজার বিষয় হলো, নাটকের দৃশ্যে প্রায়ই তাঁদের প্রেমিক-প্রেমিকার ভূমিকায় অভিনয় করতে হতো, যা তাঁদের হৃদয়ের টান আরও বাড়িয়ে দেয়। মাত্র তিন দিনের মাথায় মহিলাটি নিজের অনুভূতির কথা প্রকাশ করেন।

পারিবারিক বাধা ও অনন্য প্রতিশ্রুতি:
এই সম্পর্কের পথে প্রধান বাধা ছিল সমাজ ও পরিবার। কনের বয়স বরের মায়ের চেয়েও নয় বছর বেশি! কিন্তু যুবকটির অটল জেদ আর ভালোবাসার কাছে শেষ পর্যন্ত হার মানে পরিবার। এক আতশবাজি উৎসবের রাতে যুবকটি মহিলাকে প্রস্তাব দিতে গিয়ে যে কথাটি বলেছিল, তা ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। সে বলেছিল, “আমি সারাজীবন আপনাকে রক্ষা করব। এমনকি বৃদ্ধ বয়সে আপনার ডায়াপার বদলানো পর্যন্ত আমি আপনার যত্ন নেব।”

বর্তমানে এই দম্পতি সুখে সংসার করছেন। বরের মা এখন তাঁর পুত্রবধূকে বড় বোন হিসেবে গণ্য করেন এবং পরিবারের অন্যান্যরা তাঁকে দ্বিতীয় মায়ের সম্মান দেন। সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে নিজেদের বিয়ের কথা প্রকাশ্যে আনেন এই দম্পতি। যদিও তাঁরা নিজেদের পরিচয় গোপন রেখেছেন, তবুও এই অসম বয়সের প্রেমের গল্পটি জাপানে এক নতুন বিতর্ক ও আলোচনার জন্ম দিয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy