“লক্ষ্মীর ভাণ্ডার চাই না, কাজ চাই!” মালদহে তৃণমূল ছেড়ে মিমে শয়ে শয়ে সংখ্যালঘু মহিলা

“লক্ষ্মীর ভাণ্ডারের ১০০০ টাকায় সংসার চলে না, আমাদের ছেলেদের কাজ দিন!”— এই স্লোগান তুলেই মালদহের রতুয়ায় তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙন ধরালেন সংখ্যালঘু মহিলারা। বৃহস্পতিবার রতুয়া-১ ব্লকের পরানপুর অঞ্চলের মির্জাতপুর মাদ্রাসা পাড়ায় কয়েকশো পরিবার শাসক দল ছেড়ে আসাদউদ্দিন ওয়েইসির দল মিম-এ (AIMIM) যোগদান করেন।

আন্দোলনকারী মহিলাদের অভিযোগ, রাজ্যে শিক্ষার বেহাল দশা এবং কর্মসংস্থানের চরম অভাব। সাবেরা বিবির মতো প্রাক্তন তৃণমূল কর্মীদের দাবি, পেটের তাগিদে তাঁদের স্বামী ও সন্তানদের ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে হচ্ছে, যেখানে প্রতিনিয়ত মৃত্যুভয় তাড়া করে বেড়ায়। তাঁদের স্পষ্ট কথা, সরকার ভিক্ষা হিসেবে লক্ষ্মীর ভাণ্ডার না দিয়ে স্থানীয় স্তরে কাজের পরিকাঠামো গড়ে তুলুক।

রতুয়া ১ ব্লক মিম সভাপতি শেখ জাহাঙ্গীরের নেতৃত্বে এই যোগদান সভায় প্রায় ৫০০ পরিবার মিমে শামিল হয়। মালদহ ও মুর্শিদাবাদে মিমের এই ক্রমবর্ধমান শক্তি ২০২৬ নির্বাচনের আগে শাসক দলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। মানিকচক ও মালতীপুরের পর রতুয়ার এই ভাঙন উত্তরবঙ্গে সংখ্যালঘু ভোটের মেরুকরণের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy