মেসি-রোনাল্ডোর বিশ্বকাপে সরপ্রীত সিং, কেন চর্চায় পঞ্জাবের এই যুবক?

ফুটবল বিশ্বকাপের আসরে এবার এক অনন্য চমক। দীর্ঘ অপেক্ষার পর ২০২৬ সালের বিশ্বকাপে নিউজিল্যান্ডের হয়ে মাঠে নামতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মিডফিল্ডার সরপ্রীত সিং। আগামী ১৬ জুন ক্যালিফোর্নিয়ায় ইরানের বিরুদ্ধে নিউজিল্যান্ডের হয়ে তাঁর মাঠে নামার অপেক্ষায় দিন গুনছে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অগণিত ফুটবলপ্রেমী। ২০০৬ সালে ফ্রান্সের হয়ে বিকাশ ধোরাসু-র পর এই প্রথম কোনও ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারকে বিশ্বকাপে দেখা যাবে।

জলন্ধর থেকে অকল্যান্ড: এক লড়াকু যাত্রাপথ নিউজিল্যান্ডের অকল্যান্ডে জন্ম হলেও সরপ্রীতের শেকড় প্রোথিত ভারতের পঞ্জাবের জলন্ধরে। নিউজিল্যান্ডে রাগবি ও ক্রিকেটের দাপটে ফুটবল খুব একটা জনপ্রিয় না হলেও, ছোট থেকেই ফুটবলের প্রতি অদম্য টান ছিল সরপ্রীতের। ২০১৫ সালে ওয়েলিংটন ফিনিক্স অ্যাকাডেমিতে যোগ দেওয়ার মাধ্যমে তাঁর পেশাদার ফুটবল জীবন শুরু হয়। ২০১৭ ও ২০১৯ সালের ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের জার্সিতে নিজের দক্ষতার পরিচয় দিয়েছিলেন তিনি। ২০১৮ সালে নিউজিল্যান্ডের সিনিয়র দলে অভিষেক হয় তাঁর। মুম্বইয়ের ইন্টারকন্টিনেন্টাল কাপে কেনিয়ার বিরুদ্ধে গোল করে তিনি প্রথমবার আন্তর্জাতিক মঞ্চে নজর কাড়েন।

বায়ার্ন মিউনিখ ও ইউরোপীয় অভিজ্ঞতা ২০১৮-১৯ মরশুমে ওয়েলিংটন ফিনিক্সের হয়ে তাঁর অসাধারণ পারফরম্যান্স ইউরোপের স্কাউটদের নজর কেড়েছিল। এর ফলেই ২০১৯ সালে জার্মানির শক্তিশালী ক্লাব বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার ঐতিহাসিক সুযোগ পান তিনি। বায়ার্ন মিউনিখে যোগ দেওয়া প্রথম ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার হিসেবে তিনি অনন্য নজির গড়েন। ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলার সুবাদে তাঁর স্কিল এবং খেলার ধার বহুগুণ বেড়েছে, যা এখন নিউজিল্যান্ডের হয়ে বিশ্বকাপের আসরে প্রদর্শনের পালা।

সচিনের ভক্ত এই ফুটবলার ফুটবলার হলেও ক্রিকেটকে মনেপ্রাণে ভালোবাসেন সরপ্রীত। মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকারের বড় ভক্ত তিনি। অকল্যান্ডে বাড়ির পেছনের মাঠে ছোটবেলায় ফুটবল আর ক্রিকেট—দুটোই সমানতালে খেলেছেন সরপ্রীত। আজও তাঁর মুখে সচিনের নাম শোনা যায়, যা প্রমাণ করে সাফল্যের শিখরে থাকলেও শিকড়কে তিনি ভোলেননি।

নিউজিল্যান্ডের এই ঐতিহাসিক বিশ্বকাপে ভারতীয় বংশোদ্ভূত সরপ্রীতের পায়ে জাদু দেখতে এখন অপেক্ষায় ফুটবল বিশ্ব।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy