‘বোমা মুক্ত মুর্শিদাবাদ’ গড়ার লক্ষ্যে জেলা পুলিশের লাগাতার অভিযানে এবার বিরাট সাফল্য। সাগরপাড়া থানা এলাকায় এক যুবকের হেফাজতে মজুত করা ব্যাগভর্তি তাজা সকেট বোমা উদ্ধার করল পুলিশ। পুলিশের হ্যান্ডবিল প্রচারের ফলেই এই গুরুত্বপূর্ণ তথ্য হাতে এল বলে জানা গিয়েছে।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সম্প্রতি বিভিন্ন এলাকায় লিফলেট ও হ্যান্ডবিল বিলি করে সাধারণ মানুষকে বোমা মজুত সংক্রান্ত তথ্য দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছিল। সেই প্রচারের সূত্র ধরেই এলাকার এক ব্যক্তি পুলিশকে ফোন করে বোমা মজুতের খবর দেন।
ওই খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে পুলিশ মবিউল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করে। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যুবক বোমা মজুতের কথা স্বীকার করে এবং নিজেই পুলিশকে মজুত করা বোমা দেখিয়ে দেয়। এরপরই সাগরপাড়ার টিকটকিপাড়া এলাকা থেকে ব্যাগভর্তি তাজা সকেট বোমা উদ্ধার করে পুলিশ। সঙ্গে সঙ্গেই মবিউল ইসলামকে গ্রেফতার করা হয়। ধৃত মবিউল সাগরপাড়ার বামনাবাদ পূর্ব বিচপাড়া এলাকার বাসিন্দা।
ধৃত যুবককে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা আদালতে তোলা হয়েছে। কী কারণে এই বোমা মজুত করা হয়েছিল এবং এই চক্রে আর কারা জড়িত রয়েছে, তার তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ।
জেলা পুলিশ জানিয়েছে, বোমা উদ্ধার সংক্রান্ত যে কোনও তথ্য প্রদানকারীর নাম সম্পূর্ণ গোপন রাখা হবে এবং যথাযথ পুরস্কৃতও করা হবে। মুর্শিদাবাদকে পুরোপুরি বোমামুক্ত করতে পুলিশের এই অভিযান আগামীদিনেও জোর কদমে জারি থাকবে।





