ভালোবাসার পরিণতি যে এমন মর্মান্তিক হতে পারে, তা ভাবেনি কেউ। বিয়ের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বিষপান করে আত্মহত্যা করল এক নবদম্পতি। বিহারের ভাগলপুরের কাহালগাঁও থানার শিবকুমারী পাহাড় মহল্লায় এই রোমহর্ষক ঘটনাটি ঘটেছে। বিষপানের জেরে বছর কুড়ির যুবক লক্ষ্মীকান্ত কুমারের মৃত্যু হয়েছে এবং তার আঠারো বছর বয়সী নববিবাহিতা স্ত্রী অমৃতা কুমারী বর্তমানে মায়াগঞ্জ হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে লড়াই করছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আদলপুরের বাসিন্দা লক্ষ্মীকান্তের সাথে তার প্রতিবেশী নিত্যানন্দ সিং-এর নাতনি অমৃতার গত দেড় বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত শুক্রবার তাঁরা পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন এবং লক্ষ্মীকান্ত অমৃতাকে নিজের ঘরে এনে বিয়ে করেন। কিন্তু এই বিয়ের কথা অমৃতার পরিবার জানতে পারায় তাঁদের প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। অমৃতার জবানবন্দি অনুযায়ী, পরিবারের অনার কিলিং-এর ভয়ে আতঙ্কিত হয়ে দুজনে বিষ নিয়ে আসেন এবং একটি আবেগঘন ভিডিও রেকর্ড করে মায়ের ফোনে পাঠান। ভিডিওতে তাঁরা বলেন, “তোমরা আমাদের বিয়ে দাওনি, আর ওদিকের পরিবার আমাদের মেরে ফেলবে বলছে। তাই আমরা আত্মহত্যা করছি, আমাদের ক্ষমা করে দিও।” এর পরেই দুজনে বিষপান করেন। মৃত যুবকের বাবা সুভাষ সিং জানান, তাঁরা এই সম্পর্কের কথা জানলেও ছেলে যে এমন চরম পদক্ষেপ নেবে তা ভাবেননি, ফিরে এলে তাঁরা দুজনকেই মেনে নিতেন। পুলিশ বর্তমানে মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।





