কয়লা পাচার ও আর্থিক তছরূপের অভিযোগে বড়সড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ভোট-কুশলী সংস্থা আইপ্যাক-এর অন্যতম কর্ণধার ও ৩৩ শতাংশ শেয়ারের মালিক ভিনেশ চান্ডেলকে গ্রেফতারের পর মধ্যরাতে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে পেশ করা হয়। ভোর পর্যন্ত চলা ম্যারাথন শুনানির পর আদালত তাঁকে ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে। দিল্লি পুলিশের এফআইআর-এর ভিত্তিতেই এই তদন্ত শুরু করেছিল কেন্দ্রীয় সংস্থা।
ইডির অভিযোগ অত্যন্ত গুরুতর। দাবি করা হয়েছে, প্রায় ৫০ কোটি টাকার হিসেব বহির্ভূত লেনদেন হয়েছে এবং আন্তর্জাতিক হাওয়ালা চক্র ব্যবহার করে টাকা বিদেশে পাঠানো হয়েছে। কোনও বৈধ নথি ছাড়াই ঋণ গ্রহণ এবং ভুয়ো ইনভয়েস পেশ করার মতো অভিযোগও রয়েছে ভিনেশের বিরুদ্ধে। তদন্তকারীদের দাবি, থার্ড পার্টি থেকে টাকা নিয়ে হাওয়ালার মাধ্যমে তা আইপ্যাকে ঢোকানো হত। এর আগে কলকাতায় সংস্থার অফিস ও প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। ভিনেশ গ্রেফতার হতেই রাজনৈতিক পারদ চড়েছে; তৃণমূল একে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বললেও বিজেপি নেতা দিলীপ ঘোষের সাফ কথা, “প্রয়োজনে ভোটের দিনও গ্রেফতার হবে।”





