পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ঠিক ১০ দিন আগে বড়সড় ধাক্কা খেল তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আই-প্যাক (I-PAC)। সোমবার রাতে আর্থিক তছরূপ ও কয়লা পাচার কাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইডির হাতে গ্রেফতার হলেন সংস্থার অন্যতম ডিরেক্টর তথা সহ-প্রতিষ্ঠাতা ভিনেশ চান্দেল। মঙ্গলবার দিল্লির বিশেষ আদালত তাঁকে ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে।
তদন্তকারী সংস্থা সূত্রের দাবি, কয়লা পাচারের কালো টাকা হাওলার মাধ্যমে আই-প্যাকের অ্যাকাউন্টে ঢুকেছে। এই মামলার সূত্র ধরেই এর আগে কলকাতা ও দিল্লিতে তল্লাশি চালিয়েছিল ইডি। ভিনেশ চান্দেলের পাশাপাশি সংস্থার আরও দুই স্তম্ভ প্রতীক জৈন এবং ঋষি রাজ সিং-এর বাসভবনেও হানা দিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। উল্লেখ্য, এর আগে কলকাতার তল্লাশিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত হয়ে ল্যাপটপ ও ফাইল উদ্ধার করেছিলেন, যা নিয়ে জল গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত।
এই গ্রেফতারিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “এটি গণতন্ত্র নয়, স্রেফ ভয়ভীতি প্রদর্শন। আপনি যদি বিরোধীদের হয়ে কাজ করেন, তবে আপনিই পরবর্তী লক্ষ্য—এই বার্তাই দেওয়া হচ্ছে।” নির্বাচনের মুখে ইডি, সিবিআই এবং এনআইএ-র সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে তিনি একে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নষ্ট করার চেষ্টা বলে তোপ দেগেছেন।





